ভোটার তালিকা হালনাগাদে দুই সিটিতে নিবন্ধন শুরু
ভোটার তালিকা হালনাগাদে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে উত্তর সিটির ১, ২, ৪, ১১, ১৭, ১৮, ১৯, ২০, ২৪ ও ২৮ এবং দক্ষিণ সিটির ১, ৭, ১৪, ১৬, ২২, ৩০, ৩২, ৩৮ ও ৪৮ নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছে।
আগামীকাল শুক্রবার উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ড (পল্লবী এলাকা) এবং দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডে (লালবাগ এলাকা) ভোটার নিবন্ধনের কাজ শুরু হবে। নিবন্ধনের জন্য নতুন ভোটারদের নিজ নিজ ওয়ার্ডের সংশ্লিষ্ট নিবন্ধনকেন্দ্রে যেতে হবে।
আগামী শনিবার থেকে উত্তর সিটির ২৭ ও ৩৪ নম্বর এবং দিক্ষণ সিটির ৬, ৩৯, ৫০ ও ৫৫ নম্বর ওয়ার্ডে নিবন্ধনের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও ভোটার নিবন্ধনের কাজ চলবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে জানানো হয়েছে, এবার ঢাকা উত্তর সিটির ৩৬টি ও দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ড এবং ১৭টি সার্কেল ইউনিয়নে মোট ২ লাখ ৪৬ হাজার ৩৪৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটিতে প্রায় ১ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৭ হাজার ৭৭১ জন ভোটারযোগ্যকে বাড়িতে পাওয়া যায়নি। তথ্যসংগ্রহকারীরা তাঁদের সংশ্লিষ্ট নিবন্ধনকেন্দ্রে গিয়ে সরাসরি ভোটার হতে বলেছেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেন, নিবন্ধনের সময় নতুন ভোটারের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। এবার ঢাকার দুই সিটির সংগৃহীত তথ্যে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান খুব সামান্য। এর মধ্যে উত্তর সিটির ১৪টি এবং দক্ষিণ সিটির ৩২টি ওয়ার্ডে পুরুষের তুলনায় নারী ভোটারের তথ্য বেশি সংগৃহীত হয়েছে।
বর্তমানে ঢাকা উত্তর সিটির ভোটার সংখ্যা ২২ লাখ ৮৮ হাজার ৩৮৭ এবং দক্ষিণ সিটির ১৮ লাখ ৭ হাজার ২৮৫ জন। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল ২০১২ সালে। ইসির হিসাব অনুযায়ী, এবার ভোটার সংখ্যা ৫ শতাংশ হারে বাড়ার কথা। সেই হিসেবে ঢাকার দুই সিটিতে ভোটার বাড়ার কথা দুই লাখের কিছু বেশি।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ভোটারদের অনেকেই ইসিতে অভিযোগ করেছেন, অনেক এলাকায় তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাননি। আবার তথ্যসংগ্রহকারীরা অভিযোগ করেছেন, অনেক ভোটারকে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বর দিয়ে আসার পরও তাঁরা তথ্যসংগ্রহকারীদের সঙ্গে যোগাযোগ করেননি। অনেক বাড়িতে ফটকের দারোয়ান তথ্যসংগ্রহকারীদের বাড়িতে ঢুকতে দেননি।