ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু কাল
ভোটার তালিকা হালনাগাদ করতে কাল মঙ্গলবার থেকে ঢাকার বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)।রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ মিলনাতয়নে গতকাল রোববার সকালে একটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ (সিইসি) এ কথা বলেন। ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কমিশনের তিন শতাধিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার এ সময় উপস্থিত ছিলেন।সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। এ নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা আমরা চাই না।’গত মার্চ মাসে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এরই শেষ ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে।কাজী রকিব বলেন, এবার ‘ভুয়া ভোটার’ তালিকায় আসার কোনো আশঙ্কা নেই। আর কেউ দ্বৈত ভোটার হলে তথ্য মিলিয়ে তাঁদেরও শনাক্ত করা হবে। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকার বিকল্প নেই। ভোটার হওয়া সাংবিধানিক অধিকার। এ অধিকার ব্যবহার করে সবাই পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। এ জন্য তাঁদের অধিকার নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে ইসি।’কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক, যুগ্ম সচিব সিরাজুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মঈনুদ্দিন আবদুল্লাহ, জেলা প্রশাসক মুহিবুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জমান ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন জানায়, নির্বাচন কার্যালয়ভিত্তিক থানা অনুযায়ী ৪ সেপ্টেম্বর উত্তরা ও সবুজবাগ এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা হবে।গুলশান, ধানমন্ডি, ডেমরা, মতিঝিল, ক্যান্টনমেন্ট, মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, তেজগাঁও, রমনা ও পল্লবী থানা এলাকায় ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। এসব এলাকায় ছবি তোলা হবে ১ অক্টোবর থেকে। মোট ৩৬টি দল এসব এলাকায় কাজ করবে।ডিসিসির ৯২টি ওয়ার্ডের সমন্বয়ে ১৫টি নির্বাচনী থানায় বর্তমানে ভোটারসংখ্যা ৪৮ লাখ ৭১ হাজার ২৮৬ জন। এবার তালিকা হালনাগাদে কাজ করবেন তিন হাজার ৩১৯ জন তথ্য সংগ্রহকারী ও ৬৬৮ জন সুপারভাইজার।