ভোটারদের বাড়িতে গিয়ে পরিচয়পত্র দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন
জাতীয় পরিচয়পত্র শতভাগ বিতরণ করতে না পারায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পরিচয়পত্র বিতরণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে চলতি বছরের শেষে দিকে ভোটারদের বাড়িতে গিয়ে পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এ নিয়ে চিন্তাভাবনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবে মোট ৪৬ লাখ ৮৮ হাজার ৬৬৫ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। এসব ভোটারের মধ্যে প্রায় ৪০ ভাগ এখনো তাঁদের পরিচয়পত্র সংগ্রহ করেনি। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় হালনাগাদ ভোটার তালিকায় দুই লাখ ৩৩ হাজার ৪০৯ জন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। গত ৯ থেকে ১৮ জুলাই পর্যন্ত পাঁচটি স্থানে কমিশন এসব পরিচয়পত্র বিতরণ করে। প্রথম পর্যায়ে ১০ দিনে ৭৪ হাজার ৫৬টি পরিচয়পত্র বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে এক মাসে ডিসিসির ৯০টি ওয়ার্ডে ৬৬ হাজার ৪২৮টি পরিচয়পত্র বিতরণ করা হয়। দুই দফায় কমিশন ৬০ ভাগ পরিচয়পত্র বিতরণ করতে পেরেছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে এখন পর্যন্ত ৬৫ ভাগ পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। দেশের অন্যান্য স্থানেও উল্লেখযোগ্যসংখ্যক পরিচয়পত্র বিতরণ বাকি রয়েছে। এ প্রেক্ষাপটে ইসি ভবিষ্যতে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র বিতরণ করার চিন্তাভাবনা করছে। ইসির খসড়া প্রস্তাবনা অনুযায়ী এ কাজে প্রায় চার কোটি টাকা খরচ হবে।কমিশন সূত্র আরও জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, হারিয়ে যাওয়া পরিচয়পত্রের বিকল্প কপি সরবরাহ এবং পরিচয়পত্র বিতরণসহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি দায়িত্ব থানা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের হাতে ছেড়ে দেওয়া হবে। এটা করা হলে ভোটাররা নিজের থানা ও উপজেলা থেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারিয়ে যাওয়া পরিচয়পত্রের বিকল্প কপি (ডুপ্লিকেট কপি) সংগ্রহ করতে পারবেন। বর্তমানে ভুল সংশোধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ভোটারদের ঢাকায় আসতে হয়।