ভ্যানচালক খুন, পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে আবু মুসা (৩৫) নামের এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ছাড়া ভোরে টিকাটুলিতে পুলিশের গুলিতে একজন ছিনতাইকারী আহত হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুসা ভূঁইয়াপাড়ার মিনার মসজিদ গলিতে থাকতেন। গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে মুসা গ্যারেজ থেকে ভ্যান বের করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় ফয়সাল নামের এক যুবক তাঁর বাসার দিকে উঁকিঝুঁকি মারছিলেন। মুসা তাঁকে ‘চোর’ বলে সন্দেহ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়সাল মুসার তলপেটে ছুরিকাঘাত করে। মুসার চিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন এসে তাঁকে রাস্তায় কাতরাতে দেখেন। খবর পেয়ে খিলগাঁও থানার পুলিশ মুসাকে সকাল ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ প্রথম আলোকে বলেন, ফয়সাল পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। মুসার বাবার নাম আবুল বাশার। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনায়। স্ত্রীর নাম জেসমিন বেগম। তাঁদের নয় মাসের সন্তানের নাম শ্রাবণ।ছিনতাইকারী আহত: ভোরে টিকাটুলী মোড়ে ছিনতাইকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পুলিশের গুলিতে সুজন মিয়া (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।রমনা থানা সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে কাকরাইলে একটি মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে রিকশাযাত্রীদের কাছ থেকে টাকাসহ মালামাল ছিনতাই করছিল। রমনা থানার টহল পুলিশ ঘটনাস্থলের কাছে গেলে ছিনতাইকারীরা মাইক্রোবাসে উঠে পালানোর চেষ্টা করে। পুলিশের পিকআপ পিছু নিয়ে টিকাটুলি মোড়ে ছিনতাইকারীদের মাইক্রোবাসটি আটক করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছিনতাইকারীরা রমনা থানার এসআই জুবায়ের খানকে ছুরিকাঘাত করে। তখন পুলিশ ছিনতাইকারীদের লক্ষ্য করে চারটি গুলি করে। একটি গুলি ছিনতাইকারী সুজনের হাতে লাগে। পুলিশ আহত অবস্থায় তাঁকে আটক করে। পরে তাঁর আরও দুই সহযোগী রাকিব হোসেন ও সাইদুর রহমানকেও আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।আটক ছিনতাইকারীদের কাছ থেকে একটি ছুরি ও ছিনতাই হওয়া চারটি মুঠোফোন, পাঁচটি ভ্যানিটি ব্যাগ ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ। ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাসটি রমনা থানায় আটক রাখা হয়েছে। আহত এসআই জুবায়েরকে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও ছিনতাইকারী সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।রমনা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাফর আলী বলেন, আটক ছিনতাইকারীরা কাকরাইলে ছিনতাই করার আগে মতিঝিল, মুগদাপাড়া ও কোতোয়ালি থানা এলাকায় ছিনতাই করেছে।নিহত যুবকের পরিচয় মেলেনি: গত বুধবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল সবুজ চেক শার্ট ও নীল জিনস। লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।বুধবার বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় পথচারীরা। পুলিশ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।