ভ্যালেরি ও জুলিয়ানকে সংবর্ধনা দিয়েছে প্রতিবন্ধী ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের অধিকার আদায়ের আন্দোলনের দুই পথিকৃৎ ভ্যালেরি এ টেইলর ও জুলিয়ান ফ্রান্সিসকে সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের সড়কদ্বীপে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।সাভারে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে এ দেশের প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন। আর জাতীয় প্রতিবন্ধী ফোরাম গঠনের পেছনে কাজ করেছেন জুলিয়ান ফ্রান্সিস। মুক্তিযুদ্ধে এ দেশের মানুষের পাশে থাকার কারণে তাঁকে সম্প্রতি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দিয়েছে সরকার। সম্প্রতি ফোরামের সভায় এ দুই কৃতী নাগরিককে সংবর্ধনা দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ সময় বলা হয়, প্রতিবন্ধী বিষয় ছাড়াও এ দেশে তাঁদের সামগ্রিক অবদান বিবেচনা করে এ সংবর্ধনা দেওয়া উচিত। সংবর্ধনার পাশাপাশি অনুষ্ঠানস্থলে দিবস নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. রজব আলী খান নজীব। বক্তব্য দেন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী এ এইচ এম নোমান খান, অধ্যাপক শারমিন হক, ফোরামের মহাসচিব মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মহুয়া পাল প্রমুখ।