ভ্রাম্যমাণ আদালত আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক ব্যবহার করে ফল পাকানো রোধ করতে আজ বুধবার থেকে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। আম বা অন্য কোনো ফলে ক্ষতিকর রাসায়নিক আছে কি না, তা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল বাজারে বসেই ফলগুলো পরীক্ষা করবে। বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে আজ থেকে বিএসটিআই তাদের নির্ধারিত পণ্য ছাড়াও ফলে রাসায়নিক আছে কি না তা দেখতে ভ্রাম্যমাণ আদালত চালাবে। ফজলুল আহাদ বলেন, ভোক্তা প্রতারিত হচ্ছে কি না, সেটা দেখার দায়িত্ব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। তবে জনস্বার্থে তাঁরা এ কাজে সহায়তা করছেন।পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ফলে রাসায়নিক ব্যবহার শনাক্ত করতে পরীক্ষা করার প্রযুক্তি তাদের আছে। বিএসটিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাসায়নিক দ্রব্যযুক্ত ফল মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। গত সোমবার ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উল্লেখ্য, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সোমবার আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন। ওই দিনই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ ফলে রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধে পাঁচ দফা নির্দেশনা দেন।