খাদ্যে ভেজাল ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও তিন মাস অব্যাহত থাকছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আদেশের মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেয়াদ বৃদ্ধির এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ ডিসেম্বর এ-সংক্রান্ত রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে চার আইনজীবীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দুই মাস অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের চাহিদামতো পুলিশ সদস্য দিতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া খাদ্যে ভেজাল রোধ ও বেআইনিভাবে মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক এবং পরিচালকের প্রতি রুল জারি করা হয়। গত ২৬ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মেয়াদ দুই মাস শেষ হয়। গতকাল রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরশেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সংক্রান্ত আদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। ওজন ও পরিমাপ অধ্যাদেশের ২০-এর(৪) ধারা লঙ্ঘন করায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গত ১০ আগস্ট বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির রূপচাঁদা ব্র্যান্ডের ৪৩ হাজার ৯১৯ লিটার ভোজ্যতেল বাজেয়াপ্ত করেন। এ ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।