ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
ওয়াসার পানি, নিম্নমানের রং এবং নকল সুগন্ধি মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে একজনকে কারাদণ্ড এবং ছয়টি বেকারিকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।গতকাল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে র্যাব ও বিএসটিআইর কর্মকর্তারা বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদে অভিযান চালান। এ সময় ১০/২ নম্বর সায়েদাবাদের নিউ ইমা আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে আদালত দেখতে পান, আইসক্রিম তৈরিতে ওয়াসার পানি, নিম্নমানের রং এবং সুগন্ধি ব্যবহার করা হচ্ছে। আদালত নিউ ইমা আইসক্রিমকে ৮০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালতের নির্দেশে মালিক সোবহানকে কারাগারে পাঠানো হয়।একই আদালত আমিরুল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েও একই চিত্র দেখেন। তবে আদালত পৌঁছানোর আগেই ওই কারখানার মালিক পালিয়ে যান। এরপর আদালত কারখানাটি সিলগালা করার নির্দেশ দেন।