পুরান ঢাকার রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের ক্ষোভ
ভ্রাম্যমাণ আদালতের কাজ ১৩ নভেম্বর পর্যন্ত বন্ধের দাবি
কোনো রসায়নবিদ কিংবা রাসায়নিক দ্রব্যের বিশেষজ্ঞকে সঙ্গে না নিয়ে ভ্রাম্যমাণ আদালত ঢালাওভাবে অভিযান চালিয়ে হয়রানি করছে পুরান ঢাকার ব্যবসায়ীদের। তাই পরবর্তী সিদ্ধান্ত না নেওয়ার আগে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আদালতের কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছে বণিক সমিতির শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই এ দাবি জানায়। এফবিসিসিআই মিলনায়তনে ‘পুরাতন ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা’ শীর্ষক এক আলোচনা সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি ২০টি দাহ্য রাসায়নিক দ্রব্য গুদাম থেকে সরিয়ে ফেলার পরও ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। কোনো রসায়নবিদ কিংবা বিশেষজ্ঞকে ছাড়াই পরিচালিত ওই অভিযানগুলোতে ঢালাওভাবে তাঁদের হয়রানি করা হচ্ছে। তাই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ১৩ নভেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ রাখতে হবে। তা না হলে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে প্রতিরোধে নামবেন। পুরান ঢাকার ব্যবসায়ী ও বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফারুক বলেন, ‘আইজ পর্যন্ত আমার গায় দাগ লাগে নাই। অখোন আমি চার লাখ টাকা ফাইন দিছি। বেইজ্জতি হইছি। আমার দোষ ফায়ারের লাইসেন্স নাই। আমার কথা হইল সবাইরে ফায়ারের লাইসেন্স দিতে অইব।’বাংলাদেশ পেইন্ট ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুুস সালাম বলেন, ‘আমরা ৩০ তারিখের মধ্যে ২০টি রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে ফেলেছি। আমরা সরকারকে বলেছি, এই ২০টি দ্রব্য আমরা আমদানি করব না। আপনারা টিসিবির মাধ্যমে আমদানি করেন। যাঁরা এর ব্যবসা করবেন, তাঁরা আপনাদের কাছ থেকে কিনে নেবেন।’আবদুস সালাম বলেন, টাস্কফোর্সের অভিযানের সঙ্গে এফবিসিসিআইয়ের অভিজ্ঞ একজন রসায়নবিদ রাখার দাবি জানানো হয়েছিল। কিন্তু রসায়নবিদ ছাড়াই অভিযানে যায় র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট। তারা ঢালাওভাবে অভিযান চালায় এবং এতে অনেক নিরীহ ব্যবসায়ী হয়রানির শিকার হন। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শুধু ব্যবসা করা হবে, মানুষের নিরাপত্তা থাকবে না—এটি হয় না। আইনের মধ্যেই দমকলের লাইসেন্স নেওয়ার বিধান রয়েছে। আইন অনুযায়ী এই লাইসেন্স নিতে হবে। মহাপরিচালক ব্যবসায়ীদের প্রশ্ন করেন, ‘এই ২০টি দাহ্য রাসায়নিকের তালিকা কে দিয়েছে? এই ২০টি রাসায়নিক ছাড়া অন্য রাসায়নিক যে দাহ্য নয়, এটি কোথাও লেখা আছে? আপনারা যে তালিকা নিয়ে ঘুরছেন, তাতেও তো লেখা নেই। যে ২০টি দাহ্য রাসায়নিক সরানোর কথা বলা হচ্ছে, ওই রাসায়নিক কোথায় সরানো হয়েছে? এটি কেউ খোঁজ নিয়েছেন? এখানে ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে।’ এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ১৩ নভেম্বর পর্যন্ত সব ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ রাখতে হবে। কারণ, এ সময়ের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ কে আজাদ বলেন, এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কাজ বন্ধ রাখতে আজই (গতকাল) সরকারকে চিঠি দেওয়া হচ্ছে। এর পরও কোনো ভ্রাম্যমাণ আদালত যদি কোনো ব্যবসায়ীর কাছে যায়, তাহলে আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। এফবিসিসিআই ব্যবসায়ীদের পাশে থাকবে।সভায় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, বাংলাদেশ কেমিক্যাল ডাইস অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিন, আবু আলম চৌধুরী ও মনোয়ারা হাকিম আলী। এ ছাড়া পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্য্রে ফারুক হোসেন, আবিদ হোসেন, আবদুস সাত্তার, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।