ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে কনস্টেবলকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৮) নামের এক কনস্টেবল গণপিটুনির শিকার হয়েছেন। তিনি রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরে কর্মরত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় চাঁনখারপুলে মোস্তাফিজুর রহমান একটি রিকশার গতি রোধ করেন। রিকশার যাত্রী তরুণ-তরুণীকে একসঙ্গে রিকশায় চড়ার কারণ জানতে চান। দুজন নিজেদের বন্ধু পরিচয় দিলে মোস্তাফিজুর তা বিশ্বাস করেননি। এরপর কনস্টেবল মোস্তাফিজুর তাঁর পরিচয়পত্র দেখিয়ে তাদের আটক করার হুমকি দিয়ে টাকা দাবি করেন। তারা ৫০০ টাকা দিলে কনস্টেবল এতে খুশি হননি। এ নিয়ে তরুণ-তরুণীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাদের কাছ থেকে আরও ৫০০ টাকা নেন। চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ওই কনস্টেবলকে ঘিরে ফেলে। তারা তরুণ-তরুণীর কাছে ঘটনা শুনে কনস্টেবলকে গণপিটুনি দেয়। পরে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।