ঢাকার অধিকাংশ সড়ক ছিল তুলনামূলক ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের ঘোষণা থাকায় দুর্ভোগ ও নিরাপত্তার উদ্বেগে দিনের প্রথম ভাগে প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। বেলা দুইটায় বাংলামোটরের চিত্র (বাঁয়ে)। তবে বিকেল চারটার পর তোপখানা রোডের এক পাশে দেখা দেয় তীব্র যানজট। অন্য পাশ যানবাহনস্বল্পতায় ফাঁকা। ফলে বিকেলে ঘরমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয় l ছবি: প্রথম আলো
রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের ঘোষণা থাকায় দুর্ভোগ ও নিরাপত্তার উদ্বেগে দিনের প্রথম ভাগে প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। বেলা দুইটায় বাংলামোটরের চিত্র (বাঁয়ে)। তবে বিকেল চারটার পর তোপখানা রোডের এক পাশে দেখা দেয় তীব্র যানজট। অন্য পাশ যানবাহনস্বল্পতায় ফাঁকা। ফলে বিকেলে ঘরমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয় l ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ঢাকায় ব্যাপক যানজটের আশঙ্কা থাকলেও বাস্তব চিত্রটা ছিল উল্টো। গতকাল রাজধানীর অধিকাংশ সড়ক ছিল তুলনামূলক ফাঁকা। বিশেষ করে বিকেলের আগে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়। তবে নয়াপল্টন ও বায়তুল মোকাররমের সামনে বিএনপি ও আওয়ামী লীগের জনসভাস্থল এবং এর আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রাস্তাঘাট ফাঁকা থাকলেও গণপরিবহনের সংখ্যা ছিল কম। সমাবেশ উপলক্ষে বাস ভাড়া নেওয়া ও এর সঙ্গে আতঙ্ক যুক্ত হয়ে রাস্তায় বাসের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, যার ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ নগরবাসীকে।

দুই দলের সমাবেশ ঘিরে ঝামেলা হতে পারে—এমন আতঙ্কে অনেকেই গতকাল ঘর থেকে বের হননি। অনেকে আবার বের হলেও ব্যক্তিগত গাড়ি বের করেননি। ফলে ঢাকা অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা ছিল।

দশম জাতীয় সংসদ নির্বাচনের (৫ জানুয়ারি) দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপি গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে একটি জনসভা করে। আর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক ও রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রাসেল স্কয়ারে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করে আওয়ামী লীগ।

মঙ্গলবার এমনিতেই নিউমার্কেট-ধানমন্ডি এলাকায় দোকানপাট বন্ধ থাকে। ফলে স্বাভাবিকভাবেই এই দিনে এসব এলাকা ফাঁকা থাকে। তবে মহাখালী থেকে গুলশান-১ নম্বরের রাস্তায় বেলা ১১টার দিকে গাড়ির জট ছিল। ১টার দিকে মিরপুর রোড-বিজয়ী সরণি হয়ে শাহবাগ যাওয়ার রাস্তাও বেশ ফাঁকা ছিল। গাবতলী-আসাদগেট-মিরপুর রোডেও তেমন গাড়ির চাপ ছিল না। বিকেলের দিকে রাস্তায় কিছু গণপরিবহন থাকলেও ব্যক্তিগত গাড়িই সেভাবে ছিল না। উত্তরা এলাকার বাসিন্দা শামসুদ্দিন জুয়েল প্রথম আলোকে বলেন, ‘ভয়ে ব্যক্তিগত গাড়ি বের করিনি। সিএনজি নিয়েছিলাম। এক ঘণ্টায় আজ সিএনজিতে উত্তরা থেকে বাংলামোটর এসেছি। রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল।’ মিরপুর থেকে গুলিস্তানগামী বাসের চালক আবদুর রহিম বলেন, দুই দলের সমাবেশ নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু দেখলাম উল্টো চিত্র। রাস্তায় প্রাইভেট কার নেই। ফলে যানজট ছাড়াই চলে এসেছি।’

ঢাকার বিভিন্ন অংশ ফাঁকা থাকলেও বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় যানজট ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও তারা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করেছে। ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় দুপুরেই। বেলা আড়াইটায় আওয়ামী লীগের সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর ১২টার পর জিপিও মোড় থেকে স্টেডিয়ামের দিকে সড়ক বন্ধ করে দিয়েছিল পুলিশ। ফলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় সন্ধ্যা পর্যন্ত ছিল যানজট।

অন্যদিকে বিএনপির সমাবেশের কারণে সকাল থেকেই নয়াপল্টন দিয়ে চলাচলের কোনো উপায় ছিল না। এখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের ওপরেই মঞ্চ করা হয়। সড়কের দুই পাশেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। ফলে এই এলাকায় তীব্র যানজট ছিল সন্ধ্যা পর্যন্ত।

তবে পল্টন, বায়তুল মোকাররম ও রাসেল স্কয়ার এলাকা বাদ দিলে ঢাকার অন্যান্য অংশ তুলনামূলক ফাঁকা ছিল। সন্ধ্যা সাতটার দিকে ফার্মগেট-কারওয়ান বাজার-বাংলামোটরের রাস্তায় ঘুরে দেখা যায়, রাস্তায় সেভাবে গাড়িই নেই। রাত আটটার পর রাস্তা আরও ফাঁকা হয়ে যায়। তবে ফার্মগেটে গাড়ির জন্য অনেককেই রাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গতকালকের ঢাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের দক্ষিণ বিভাগের উপকমিশনার খান মুহাম্মদ রেজোয়ান প্রথম আলোকে বলেন, ঢাকার অধিকাংশ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় যেহেতু সমাবেশ ছিল, তাই এই এলাকায় প্রচুর লোক ছিল। ফলে এই এলাকায় স্বাভাবিক যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছিল। এ ছাড়া পুরো ঢাকাই স্বাভাবিক ছিল।