মগবাজার-মৌচাক উড়াল সড়ক প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যানজট নিরসনে মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৭৩ কোটি টাকার কনস্ট্রাকশন অব ফ্লাইওভার ব্রিজেস ইন ঢাকা (কনস্ট্রাকশন অব মগবাজার-মৌচাক ফ্লাইওভার) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।একনেক সভা শেষে জানানো হয়, এ বছরের জানুয়ারি মাসে (প্রকল্প) শুরু হয়ে উড়ালসড়ক নির্মাণের কাজ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বর মাসে। প্রায় সোয়া আট কিলোমিটার উড়ালসড়কটি শুরু হবে সাতরাস্তা থেকে। এরপর মগবাজার, মৌচাক, মালিবাগ হয়ে রাজারবাগে শেষ হবে। এর মধ্যে মগবাজার চৌরাস্তা থেকে বেইলি রোড, মৌচাক মোড় থেকে রামপুরা এবং মালিবাগ থেকে শান্তিনগরের দিকে নির্গমন সড়ক থাকবে। এ ছাড়া উড়ালসড়কটির একাধিক স্থানে দ্বিতল সড়কও নির্মাণ করা হবে।প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ। প্রকল্পের মোট ব্যয়ের স্থানীয় উৎস থেকে ২০১ কোটি টাকার জোগান দেওয়া হবে। বাকি অর্থ দেবে সৌদি ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ইতিমধ্যে প্রকল্পটির সমীক্ষা-কার্যক্রম শেষ হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। একনেক সভায় উড়ালসড়ক নির্মাণ প্রকল্পটিসহ মোট চার হাজার ৩৬৯ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে একনেক। এসব প্রকল্পে স্থানীয় মুদ্রায় দুই হাজার ২২ কোটি টাকা এবং প্রকল্প-সাহায্য হিসাবে দুই হাজার ৩৪৭ কোটি টাকা রয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।একনেক বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও পরিকল্পনাসচিব মনজুর হোসেন।একনেক সভায় আরও উপস্থিত ছিলেন একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।