মগবাজারে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর মগবাজারে তানিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দাম্পত্য কলহের জেরে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেছেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে মধুবাগের নিজেদের ভাড়া বাসায় গৃহবধূ তানিয়া আক্তার গলায় ফাঁস দেন। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার বোন রাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, তাঁর বোন তানিয়ার সঙ্গে মগবাজারের বাসিন্দা তৌহিদের বিয়ে হয় এক বছর আগে। বিয়ের কয়েক মাস সম্পর্ক ভালো ছিল। পরে তাঁদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হতো। সোমবার দুপরে তাঁর বোনকে মারধর করেছেন স্বামী তৌহিদ। পরে রাতে তানিয়া গলায় ফাঁস দিয়েছে বলে দাবি করেছেন বোনের শ্বশুরবাড়ির লোকজন।
তানিয়ার শাশুড়ি ইয়াসমিন বলেন, দরজা বন্ধ করে তানিয়া ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।