মগবাজারে গৃহবধূর লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
রাজধানীর মগবাজারের মীরেরবাগ থেকে গতকাল মঙ্গলবার লাইলী আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, স্বামী মিজানুর রহমান তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন।রমনা থানার পুলিশ জানায়, লাইলী রামপুরার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামীও পোশাক কারখানার শ্রমিক। বেলা একটার দিকে ১১/৪/বি মীরেরবাগের ভাড়া ঘর থেকে লাইলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, গত সোমবার রাতে দীর্ঘক্ষণ মিজানুরদের ঘরে উচ্চ শব্দে টিভি চলে। পুলিশের ধারণা, ওই সময়ই লাইলীকে হত্যা করা হয়।প্রতিবেশীরা জানান, গতকাল সকালে লাইলীকে ডাকতে গিয়ে দেখেন, তাঁর দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো। তাঁরা দরজা খুলে বিছানায় লাইলীকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, নিহত লাইলীর মুখে, গলার দুই পাশে ও ডান পাঁজরে কালচে দাগ রয়েছে।লাইলীর ভাই সরোয়ার হোসেন জানান, তিন মাস আগে লাইলীর সঙ্গে মিজানুরের বিয়ে হয়। বেতনের সব টাকা মিজানুরকে দিতে হতো; না দিলে বিভিন্নভাবে চাপ দিতেন। বিয়ের পর অন্য মেয়েদের সঙ্গে মিজানুরের সম্পর্কের বিষয়ে অনেক কিছু বেরিয়ে আসে। এসব কারণে তিনি লাইলীকে হত্যা করতে পারেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, দাম্পত্য কলহের জের ধরে স্বামী মিজানুর লাইলীকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মিজানুর পলাতক।সাথী হত্যার ঘটনায় গ্রেপ্তার নেই: খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীতে গৃহবধূ সাথী বেগম (৩৫) হত্যা মামলার আসামি নিহতের স্বামী মো. শামীমকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার রাতে নিজ বাসার শয়নকক্ষের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সাথীর হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর ভাই শেখ হায়দার আলী এ ঘটনায় শামীমকে আসামি করে মামলা করেন।