মগবাজারে বিস্ফোরণে দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

সামন্ত লাল সেন বলেন, চিকিৎসাধীন পাঁচ রোগীদের মধ্যে তিনজনের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের মধ্যে দুজনকে আইসিইউ ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। বাকি দুজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ ছাড়া ইনস্টিটিউটে থাকা তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান সামন্ত লাল সেন।

সামন্ত লাল সেন আরও জানান, গতকাল রোববার আহত অবস্থায় আরও অনেকে ইনস্টিটিউটে এসেছিলেন। যাঁরা দগ্ধ হননি, তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটের দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার শরমা হাউসে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ঢাকা মহানগর পুলিশও একই ধারণার কথা বলেছে।

গতকাল রাতে বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তেই কেঁপে ওঠে ওয়্যারলেস গেট এলাকার মূল সড়ক ও তার আশপাশ। রাস্তায় বৃষ্টির মতো পড়তে থাকে কাচের টুকরা। পরে দেখা যায়, ওয়্যারলেস গেট এলাকার অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। কোনোটির নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রায় বিধ্বস্ত হয়েছে তিনটি ভবন। ভয়াবহ বিস্ফোরণের ঘণ্টাখানেক পর মৃত্যুর খবর আসতে থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে প্রথম আলো। আহত প্রায় ২০০ জন।