মগবাজারে হতাহতের দায় সরকারকে নিতে হবে: সংসদে হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেছেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনার দায় সরকারকে নিতে হবে। আজ সোমবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক মগবাজারের এ ঘটনা নিয়ে জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, গত বছর নারায়ণগঞ্জের মসজিদে নামাজরত অবস্থায় ৪০ জনের বেশি মানুষ পুড়ে মারা গেলেন। অনেকেই আহত হলেন। গতকাল রোববার রাজধানীর মগবাজারের মতো ব্যস্ততম জায়গায়ও একই ধরনের ঘটনা ঘটেছে। এর দায় সরকারকে নিতে হবে।

যেখানে–সেখানে রেস্তোরাঁ গড়ে উঠছে উল্লেখ করে সংসদে হারুনুর রশীদ আরও বলেন, এগুলোর যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা আছে কি না, কেউ জানে না। বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে। পানির ওপরে সংযোগ লাইনের তার ছিঁড়ে পড়ে মানুষ মারা যাচ্ছে। এসব তদারকির দায়িত্ব বিদ্যুৎ বিভাগের। সংসদে এই মুহূর্তে বিদ্যুৎ প্রতিমন্ত্রী উপস্থিত নেই। তাদের (বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়) জবাবদিহির আওতায় আসতে হবে।

প্রধানমন্ত্রীর প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হারুনুর রশীদ বলেন, ‘আপনি কড়া নির্দেশ দিন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, বাসাবাড়িতে বিদ্যুৎ বিভাগের লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেআইনি গ্যাস ও বিদ্যুৎ–সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে প্রতিনিয়ত এভাবে মানুষ মরবে।’

এর আগে মগবাজারে বিস্ফোরণের বিষয়ে অনির্ধারিত আলোচনার সূচনা করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। তিনি বলেন, ‘গত রাতে মগবাজারে শিশুসহ সাতজন মারা গেছেন। অনেকেই আহত হয়েছেন। আমাদের প্রশ্নটা হলো, ঢাকা শহরের হোটেল ও রেস্তোরাঁগুলোয় ব্যবহার হওয়া গ্যাসের সিলিন্ডার বা স্টোভগুলো কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন কিংবা তদারকি করে কি না? এখন এ প্রশ্নটাই সামনে আসছে।’

এ সময় মুজিবুল হক আরও বলেন, ‘এ ঘটনা যদি গ্যাসের কারণে হয়ে থাকে, তাহলে গ্যাসের সিলিন্ডারের অবস্থা কেমন ছিল? শেষ কবে তদারকি করা হয়েছে? যেসব জায়গায় গ্যাসের সিলিন্ডার ব্যবহার কিংবা মজুত করা হয়, সেখানে প্রয়োজনীয় ইন্সপেকশন হয় কি না? এসব প্রশ্নের উত্তর জানাতে হবে। গত রাতের ঘটনার কারণ ও প্রতিকার জানিয়ে এবং দোষী ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা হবে কি না, সে বিষয়ে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বিবৃতি দেওয়ার দাবি রাখছি।’

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনা নিয়ে অনির্ধারিত আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন না।