মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে থাকবে মাছরাঙা। চলছে প্রধান এ ভাস্কর্যের শেষ মুহূর্তের কাজ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: আশিকুজ্জামান

প্রথমে মাছরাঙা। এরপর মৌমাছির চাক; এ চাককে ঘিরে একঝাঁক মৌমাছি। মৌমাছির দলের চারপাশে ফুল, পাতা, পাখি। এভাবে প্রাকৃতিক পরিবেশের আবহ তৈরি করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায়। পাশাপাশি বৈশাখের চিরচেনা বাঘ-প্যাঁচাসহ নানা আকৃতির মুখোশ তো থাকছেই।

কাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ। বাংলা ১৪২৯ সনের প্রথম দিনটিকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নিতে প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এবার বর্ষবরণে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রাণের আলোয় কাটুক জরা, মুক্ত প্রাণ বসুন্ধরা’।

মঙ্গল শোভাযাত্রায় ভাস্কর্য ও মুখোশগুলো তৈরি করছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। আজ বুধবার বিভাগে গিয়ে দেখা যায়, শিক্ষকদের নির্দেশনায় শিক্ষার্থীরা বিভিন্ন আকৃতির মুখোশ বানাতে ব্যস্ত সময় পার করছেন। কেউ মুখোশ বানাতে কাগজ কাটছেন, কেউ তাতে আঠা লাগিয়ে দিচ্ছেন। আকৃতি দাঁড় করাচ্ছেন কেউ, তাতে রং করছেন আরেকজন। এভাবে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তৈরি করে ফেলেছেন দুই শতাধিক মুখোশ।

তৈরি হচ্ছে হরেক রঙের মুখোশ। বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে
ছবি: আশিকুজ্জামান

বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্বরে তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রধান ভাস্কর্য মাছরাঙা। একজন শিক্ষকের তত্ত্বাবধানে দল বেঁধে দিনরাত কাজ করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলপনা আঁকায় ব্যস্ত সময় যাচ্ছে শিক্ষার্থীদের।
চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, করোনা সংক্রমণের কারণে প্রায় দুই বছর অনেকটাই অবরুদ্ধ অবস্থায় ছিল মানুষ। শিক্ষক-শিক্ষার্থীরাও প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে সেভাবে যেতে পারেননি। তাই এ বছর শোভাযাত্রার মূল ভাবনায় ‘প্রাকৃতিক পরিবেশ’।

মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: আশিকুজ্জামান

বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আসফিকুর রহমান রয়েছেন মুখোশ তৈরির তত্ত্বাবধায়নে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার আনুষঙ্গিক জিনিসপত্র তৈরিতে বিভাগের বড়-ছোটদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে। শিক্ষকদের সঙ্গে কাজ করে আমরা সমৃদ্ধ হচ্ছি।’

মুখোশে রং করছিলেন স্নাতকোত্তরের শিক্ষার্থী কুয়াশা। তিনি জানান, কাজ ভাগ করে নিয়ে তাঁদের প্রতিটি মুখোশ তৈরি করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগছে।
মাছরাঙা পাখি, মৌমাছির চাক ও মৌমাছির ভাস্কর্য নির্মাণের দায়িত্বে থাকা স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসান আলী বলেন, মৌমাছিদের মধ্যে একধরনের নেতৃত্ব মেনে শৃঙ্খলার সঙ্গে কাজ করার বিষয় রয়েছে। এই ভাস্কর্যের মাধ্যমে সেই বার্তাই দিতে চান তাঁরা।

সার্বিক বিষয়ে চারুকলা বিভাগের চেয়ারম্যান বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘যে বিষয়গুলো আমাদের আনন্দ দেয় ফুল, পাখি, সবুজ পাতা—এগুলো আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য বেছে নিয়েছি। উৎসাহ নিয়ে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হবে। শাঁখারীবাজার মোড়, মহানগর আদালত হয়ে রায়সাহেব মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে আসবে। এরপর বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।