মঙ্গলাবাস ভবনে পড়ছে সিমেন্টের প্লাস্টার, মূল অবয়ব নষ্টের অভিযোগ

দেয়ালে প্লাস্টারের কাজ চলছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের নামে পুরান ঢাকার শহীদ শামসুল আলম ছাত্রাবাসের মূল অবয়ব নষ্ট করার অভিযোগ উঠেছে সরকারি কবি নজরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজ সোমবার এর প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকার ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণ আন্দোলন নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ। এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, তারা নকশার পরিবর্তন করছে না। দেয়ালে প্লাস্টারের কাজ চলছে।

পুরান ঢাকার সূত্রাপুরে শহীদ শামসুল আলম ছাত্রাবাসটি হচ্ছে শতবর্ষী ঐতিহ্যবাহী স্থাপনা জমিদার যতিন্দ্র কুমার সাহার ‘মঙ্গলাবাস’ ভবন। নান্দনিক কারুকার্যখচিত ভবনটি এখন কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। গেল সপ্তাহে ওই পুরোনো ভবনটি সংস্কারের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলাবাসের নান্দনিকতা রক্ষায় মানববন্ধন করে ঢাকার ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণ আন্দোলন নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ
ছবি: প্রথম আলো

সূত্রাপুরের শ্যামবাজার এলাকার ৩ নম্বর মোহিনী মোহন দাস লেনে অবস্থিত ভবনটি। এর সামনে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আরবান স্টাডি গ্রুপ। সেখানে তাঁরা বলেন, শতবর্ষী মঙ্গলাবাস ভবনটি কারুকার্যখচিত। এটি ইউরোপীয় নিও ক্ল্যাসিক্যাল স্টাইলে রেলিং ও রঙিন শার্সি দিয়ে নির্মিত। অনন্য সুন্দর এ স্থাপনার বিভিন্ন অংশে কালের আবর্তে আস্তর ক্ষয়ে গেলেও এর নান্দনিকতা রয়েছে। এর সংরক্ষণে বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে চুন-সুরকির আস্তর ফেলে দিয়ে ঢালাওভাবে সিমেন্টের প্লাস্টার করা হচ্ছে, যা ভবনের মূল অবয়বের নান্দনিক গুরুত্ব হারিয়ে ফেলছে।

সংগঠনটির প্রধান নির্বাহী তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার বিষয়টি জানার পরদিন সংগঠনের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করা হয়। বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করা হলে এক সপ্তাহের জন্য কাজ বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ের মধ্যে আরবান স্টাডি গ্রুপের সহযোগিতায় ভবনটির ঢালাওভাবে সংস্কার না করে এর জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট অংশ নির্বাচন করে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অজ্ঞাত কারণে এক দিন কাজ বন্ধ থাকার পর আবার কাজ শুরু করা হয়। এরপর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো পুরোদমে কাজ চলছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সেলিম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভবনের কোনো নকশা সংস্কার করছি না। দীর্ঘদিন ধরে জনাকীর্ণ ভবনটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আমরা সম্প্রতি হলের প্রধান ফটক, ভবনের সামনের অংশ ও অন্যান্য অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছি। শুধু পিলার ও দেয়ালগুলোর প্লাস্টারের কাজ চলছে।’

সূত্রাপুরের শ্যামবাজার এলাকার ৩ নম্বর মোহিনী মোহন দাস লেনে অবস্থিত ভবনটি
ছবি: প্রথম আলো

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের একজন সংগঠনটির কার্যনির্বাহী পরিচালক সামিরা ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইট-সুরকির ভবনটি যদি বালু-সিমেন্টের প্লাস্টার করা হয়। তবে ভবনটি ভিত্তিসহ অন্যান্য অবকাঠামো দুর্বল হয়ে পড়বে। তাই আমরা কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আন্তর্জাতিক পুরাকীর্তি কোড মেনে যেন ভবনটি সংস্কার করা হয়।’

মানববন্ধনটি শুরু হলে ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী এই কর্মসূচি বন্ধ করার চেষ্টা করেন। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান। শিক্ষার্থীরা বলেন, হলের অভ্যন্তরে বহিরাগতরা অনুমতি ছাড়া মানববন্ধন করায় প্রতিবাদ জানানো হয়েছে।