পাওনা মজুরি নিতে এসে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন গাজীপুরের টঙ্গীর নিপ্পন গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক। গতকাল মঙ্গলবার সকালে মজুরি না পেয়ে শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। কিন্তু বিকেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।পুলিশ জানায়, এ ঘটনার পর শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনের খোলা জায়গায় অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে ক্ষুব্ধ সহস্রাধিক শ্রমিকের সঙ্গে বিজিএমইএর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘণ্টাখানেক ধরে বৈঠক চলে। বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে সব শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রমিকেরা জানান, টঙ্গীর এরশাদনগরে নিপ্পন পোশাক কারখানার সাড়ে তিন হাজার শ্রমিকের বেতন বকেয়া, দুটি উত্সব ভাতাও বাকি। এর আগেও কয়েকবার এই প্রতিষ্ঠানের শ্রমিকেরা পাওনা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেন। এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নিলে দুজন শ্রমিক নিহত হন। পরে বিজিএমইএর নেতারা এরশাদনগরে গিয়ে তাঁদের পাওনা পরিশোধের আশ্বাস দেন।শ্রমিকদের একজন আমিনা বেগম বলেন, মালিকপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল মঙ্গলবার সকালে তাঁরা বিজিএমইএ ভবনে মজুরি নিতে যান। তিনি বিজিএমইএর যুগ্ম সচিব রফিকুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা বলেছিলেন, বিজিএমইতে আসলে সবার পাওনা পরিশোধ করে দিবেন। এখন মালিককে আনতে পারছেন না কেন? এখন আমাদের মজুরি না দিয়ে পুলিশ দিয়ে পিটাচ্ছেন কেন? মজুরি না দিয়ে পিটাবেন তা আগে বল্লেই পারতেন। আমরা কেউ পিটান খেতে আসতাম না।’গতকাল দুপুরে আমিনার মতো কয়েক হাজার শ্রমিক পান্থপথ লিংক রোড অবরোধ করে নিজেদের পাওনা বেতন-ভাতার দাবিতে স্লোগান দেন। এ সময় সেখানে থাকা বিজিএমইএর একমাত্র কর্মকর্তা প্রতিষ্ঠানের যুগ্ম সচিব রফিকুল ইসলাম বিভিন্নজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ অবস্থায় মালিক আসবেন না। পাঁচজন শ্রমিক নেতার সঙ্গে ওদের পাঁচজন শ্রমিকের আসার কথা ছিল। কিন্তু এভাবে শত শত শ্রমিক এসে সড়ক অবরোধ করার তো কথা ছিল না। এখন আমার আর কিছু করার নেই।’ এ সময় পুলিশের কয়েকজন কর্মকর্তাও শ্রমিকদের সঙ্গে সমস্যার সমাধান করে নিতে বিজিএমইএর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেন। কিন্তু উপস্থিত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এর কোনো সমাধান তাঁর কাছে নেই।এরপর বিকেল চারটার দিকে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে লাঠিপেটা করে তুলে দেয়। ছত্রভঙ্গ হয়ে শ্রমিকেরা আবার বিজিএমইএ ভবনের নিচের খোলা জায়গায় অবস্থান নেন। বিকেলে বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে বিজিএমইএর নেতাদের আলোচনা হয়। এর আগে মালিক মোহাম্মদ নাজিমুদ্দিন ও মোহাম্মদ আজিমুদ্দিনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কথা বলেন। বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। মজুরি পরিশোধের সময় শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিজিএমইএর প্রতিনিধি এবং শ্রমিক নেতাদের ১০ জন প্রতিনিধি ও মালিকদের সমন্বয়ে পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষ এই সিদ্ধান্ত মেনে নেয়।বৈঠক শেষে আব্দুস সালাম মুর্শেদী বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে। শ্রমিকেরা সহযোগিতা করেছেন। যাঁর যাঁর ন্যায্য পাওনা পরিশোধ করে দেওয়া হবে। শ্রমিকেরা ১০ দিন সময় দিয়েছিলেন। সেখানে মজুরি পরিশোধের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এখন আর সমস্যা হবে না।