মডেল রাহার লাশ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন
লাক্স তারকা ও মডেল সুমাইয়া আজগার রাহার লাশের ময়নাতদন্ত করতে তা কবর থেকে উত্তোলনের জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়েছে।গতকাল সোমবার মোহাম্মদপুর থানার এসআই আনোয়ার হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, ২২ মার্চ রাতে রাহা তাঁর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে না জানিয়ে লাশ দাফন করেন। মৃত্যুর কারণ নির্ণয় করতে লাশ আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে সুরতহাল প্রতিবেদন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক দ্বারা ময়নাতদন্ত করা প্রয়োজন।গত রোববার রাত সোয়া ১০টায় রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তাতে বলা হয়, রাহা শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামক দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন। এ সময় শরীর খারাপ লাগছে বলে তাঁর মাকে জানান। মা তাঁকে লেবুর শরবত খেতে দেন। এরপর স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন রাহা। পরদিন সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা দরজা ভেঙে দেখেন, রাহা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।