মণিপুর উচ্চবিদ্যালয় এবার অষ্টম
গত কয়েক বছর সেরা দুই-তিনে থাকলেও এবার ঢাকা বোর্ডের সেরা স্কুলগুলোর তালিকায় মিরপুরের মণিপুর উচ্চবিদ্যালয়ের অবস্থান অষ্টম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করবেন বলে জানান।মণিপুর স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ৬০২ জন ও ব্যবসায় শিক্ষায় ৩১৭ জন মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। ৯১৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে ৬৪৬ জন জিপিএ-৫ পেয়েছে। মণিপুর স্কুলের অবস্থান কেন পিছিয়ে গেল, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আলাপ-আলোচনা চলছে। স্কুলটিতে প্রথম স্থান অধিকারী ছাত্রী সারাজিন সায়মা হক বলে, এত জন জিপিএ-৫ পেল, শতভাগ ছাত্র পাস করল, তার পরও কেন স্কুলটি পিছিয়ে রয়েছে সে বুঝতে পারছে না। শাহানা পারভীন নামের এক অভিভাবক বলেন, স্কুল পিছিয়ে গেলেও ছাত্রছাত্রীরা ভালো করেছে। তাঁরা সন্তুষ্ট। অভিভাবকেরা বলেন, এই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সব সময়ই যত্ন নেন ছাত্রদের। টেস্টের পর বাসায় বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন শিক্ষার্থীরা লেখাপড়া করছে কি না, কোথাও অসুবিধা হচ্ছে কি না।