মতিঝিল আইডিয়াল কলেজ একাদশ
ঢাকা বোর্ডের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাদশ স্থান পেয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষায় অংশ নিয়েছিল এক হাজার ৩৪৫ জন। এর মধ্যে দুজন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের দ্বাদশ অবস্থান থেকে এ বছর এক ধাপ ওপরে ওঠাকে ইতিবাচকভাবে দেখছেন অধ্যক্ষ শাহান আরা বেগম। তিনি বলেন, প্রতিবছর পরীক্ষার প্রশ্নপত্রে পরিবর্তন আনতে হবে। পরীক্ষা-পদ্ধতি গতানুগতিক হয়ে গেলেই লেখাপড়ার মান কমে যাবে।আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান শাখায় ৬৬৯ জন পরীক্ষা দেয়। এর মধ্যে ৪৮৫ জন জিপিএ-৫ পেয়েছেন। বাণিজ্য শাখায় ৪১৪ জনের মধ্যে ১৯৩ জন এবং মানবিক শাখায় ২৬২ জনের মধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছেন। তিন বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৯৩ জন।এদিকে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে না থাকায় ক্ষুব্ধ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করানোর ফলে এবং পাঠদানে তদারকির অভাবে এইচএসসি পরীক্ষায় ফল-বিপর্যয় ঘটেছে।