মতিঝিল ও উত্তরায় গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলে বাসের ধাক্কায় আবদুর রাজ্জাক মণ্ডল (৫৭) নামের এক ব্যক্তির এবং উত্তরায় পিক আপ ভ্যানের ধাক্কায় পারভীন বেগম (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে মতিঝিল থানার ক্যাফে যমুনা রেস্টুরেন্ট-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় একটি বাস রাজ্জাককে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা একটার দিকে তিনি মারা যান। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান বলেন, ঘটনার পর বাসসহ চালককে আটক করা হয়েছে। চালকের নাম সুরুজ আলী (৩০)। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, নিহত রাজ্জাকের গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে। বাবা আলী আকবর। তবে তিনি চট্টগ্রামে একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির প্রধান কার্যালয় মতিঝিলে। চট্টগ্রাম থেকে এসে ওই কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। রাজ্জাক চার সন্তানের জনক ছিলেন।এদিকে, উত্তরায় গতকাল রোববার পিক আপ ভ্যানের ধাক্কায় পারভীন বেগম (২৮) নামের এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইয়াছমিন আক্তার নামের আরেক পোশাক কর্মী। তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পারভীন উত্তরার আট নম্বর সেক্টরে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ছুটি শেষে তিনি পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় একটি পিক আপ ভ্যান তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ইয়াছমিনকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পারভীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মারা যান। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। উত্তরা আট নম্বর সেক্টরের এক বাসায় থাকতেন তিনি।