মতিঝিলে এক পক্ষের সমাবেশ স্থগিত, করবে আরেক পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোকের কারণে আগামীকাল শনিবার মতিঝিল শাপলা চত্বরের সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়।তবে, একই দিন একই স্থানে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ। সংগঠনের আমির মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ গতকাল দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইন্তেকাল হওয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জামায়াত-শিবির মিথ্যা প্রচারণায় নেমেছে। তিনি এতে কান না দেওয়ার আহ্বান জানান।ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ২৩ মার্চের (শনিবার) সমাবেশ ‘হক ও বাতিলের’ মধ্যে পার্থক্য নিরূপণকারী। মিথ্যার ধ্বজাধারীরা দেশের ধর্মপ্রাণ মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না।প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করা, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা, কথিত নাস্তিক-মুরতাদদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ এই সমাবেশ ডাকে।আর খেলাফত যুব আন্দোলন শাহবাগের গণজাগরণ মঞ্চে যাওয়ার কারণে ফরিদ উদ্দিন মাসউদকে ‘নাস্তিকদের সহযোগী’ বলে অভিযোগ তুলে এবং তাঁর ডাকা সমাবেশ প্রতিহত করতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা রাষ্ট্রপতির মৃত্যুতে শোকাহত, রাষ্ট্রীয় তিন দিনের শোকের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে কর্মসূচি স্থগিত করেছি।’এদিকে গতকাল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আমেলার সভায় ফরিদ উদ্দিন মাসউদকে ‘নাস্তিকদের সহযোগী’ বলে অভিযোগ করে তাঁর সমালোচনা করা হয়।