মতিঝিলে গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গত শনিবার রাতে ফরিদা খাতুন (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী তাজুল ইসলাম পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদা খাতুন স্বামী ও সন্তান নিয়ে টিঅ্যান্ডটি কলোনির ২৭/১৭ চারতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। তাঁর স্বামী তাজুল ইসলাম সরকারি ডাক বিভাগের (জিপিও) পিয়ন। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক বিষয়ে তাজুল ইসলামের সঙ্গে ফরিদার ঝগড়া হয়। একপর্যায়ে তাজুল ইসলাম তাঁকে চড়, থাপড়, লাথি ও কিল-ঘুষি মারতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফরিদা মারা যান। প্রতিবেশীরা ছুটে আসার আগেই তাজুল ইসলাম পালিয়ে যান। পরে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সূত্র আরও জানায়, তাজুল ইসলাম দম্পতির সুমন (১২) ও তানিয়া (২০) নামের দুই ছেলেমেয়ে রয়েছে। তানিয়া বিবাহিত।তানিয়ার স্বামী শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, পারিবারিক কোনো বিষয় নিয়ে তাঁর শ্বশুর-শাশুড়ির মধ্যে কলহ চলছে তা তিনি জানেন না।মতিঝিল থানার এসআই বাবুল আখতার ভূঁইয়া জানান, নিহতের মেয়ের স্বামী শহীদুল ইসলাম শ্বশুর তাজুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। তাজুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।