মতিঝিলে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় কালাই খান (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রিকশার দুই যাত্রী। আজ ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই যাত্রী হলো ইয়াসিন (১৩) ও আরাফাত (১০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে দুই যাত্রী নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন রিকশাচালক কালাই। পথে শাপলা চত্বর এলাকায় একটি ট্রাক রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রিকশাচালককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত কালাই শরীয়তপুরের জাজিরা থানার পালেরচর গ্রামের হালেম খানের ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।