গ্যাস পাইপ ফেটে আগুন লাগার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাজধানীর মতিঝিলের কিছু অংশসহ আশপাশের এলাকাগুলোয় চুলা জ্বলছে না। এ অবস্থায় গত দুই দিন চরম দুর্ভোগে রয়েছে কয়েক হাজার পরিবার। কেউ কেউ হোটেল থেকে খাবার সংগ্রহ করছে। কেউ কেরোসিনের চুলায় রান্নার কাজ করছে। রাজধানীর অন্যত্র আত্মীয়স্বজনের বাসায় অতিথি হয়ে যাচ্ছে কোনো কোনো পরিবার। গত শনিবার রাত একটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ের কাছে নির্মাণাধীন গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সেতুর নিচে কাজ চলাকালে হঠাৎ গ্যাসের সরবরাহ লাইনের পাইপ ফেটে আগুন ধরে যায়। এতে যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দমকল বাহিনীর আটটি ইউনিট একযোগে কাজ করে প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় পর আগুন নেভাতে সক্ষম হয়।জানা যায়, গ্যাসের আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিতাস বিভিন্ন এলাকায় গ্যাস লাইনের কয়েকটি ভাল্ভ বন্ধ করে দেয়। এতে করে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বিবিরবাজার, স্বামীবাগ, গোপীবাগ, রামকৃষ্ণ মিশন রোড, মতিঝিল ও ওয়ারীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এসব এলাকায় গত সোমবার রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও গ্যাস ছিল না।পাইপ মেরামত না হওয়ায় গত দুদিন বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছেই না। তবে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ‘মেরামতের কাজ প্রায় শেষ হয়ে আসছে। রাতেই চুলায় আগুন জ্বলবে।’১৩ নম্বর অভয় দাস লেনের গৃহিণী সাবিহা ইয়াসমিন জানান, গ্যাসের চুলায় একেবারেই আঁচ না থাকায় গত দুদিন রান্না বন্ধ। বাচ্চাদের খাওয়ানো হয় হোটেল থেকে খাবার আনিয়ে। গোপীবাগ তৃতীয় গলির বাসিন্দা শিরিন জালাল প্রথম আলোয় ফোন করে জানতে চান, এ সমস্যা কবে নাগাদ কাটবে? ধলপুরের ব্যবসায়ী আবদুল বারী বলেন, স্বাভাবিক সময়ে গ্যাসের সমস্যার কারণে গভীর রাতে রান্না করতে হতো। কিন্তু গত দুদিন তাও সম্ভব হচ্ছে না। স্বামীবাগের বাসিন্দা আবদুর রউফ তাঁর পরিবারকে শান্তিনগরে বোনের বাসায় পাঠিয়ে দিয়েছেন বলে জানান। কারণ, কবে চুলা জ্বলবে কিছুতেই জানতে পারছেন না। গতকাল সকালে তিনি তিতাস কার্যালয়ে টেলিফোন করে সদুত্তর পাননি।