মতিঝিলের ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের সেনাকল্যাণ ভবনের পাশে জসীমউদ্দীন রোডের ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শী এবং দমকল কর্মী জানান, বেলা দুইটার দিকে লাট মিয়া স্যানিটারি দোকানে ঝালাই কাজ করার সময় পাশের ‘শীত নিবারণ বেডিং’ নামের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদরঘাট ও খিলগাঁওসহ দমকল বাহিনীর নয়টি ইউনিটের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে পুড়ে যাওয়া মতিঝিল ফার্নিচারের মালিকের ছোট ভাই সুশীল বাড়ৈ প্রথম আলোকে বলেন, গুদামে থাকা কাঠ এবং তৈরি আসবাবসহ প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আরেক ব্যবসায়ী মো. মনিরুজ্জামানের তিনটি দোকান পুড়ে যায়।দমকল বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেন বলেন, ‘আগুন লাগার পর আমরা দ্রুত ঘটনাস্থলে আসতে পারায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।’মতিঝিল থানার উপপরিদর্শক কামাল বলেন, আগুন লাগার ঘটনায় পুলিশ নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।