মধুপুরে ইকোট্যুরিজমের নামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের কৃষিজমিতে জোর করে লেক খনন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষুদ্র জাতিসত্তার ছাত্র ও যুব সংগঠনের একটি জোট।
আদিবাসী ছাত্র-যুব সংগঠনসমূহ নামের এই জোটের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। জোট বলেছে, বন বিভাগ ইকোট্যুরিজম উন্নয়নের নামে এ কাজ করছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান। তিনি বলেন, সম্প্রতি বন বিভাগ বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড’ বা সুফল প্রকল্প বাস্তবায়ন করছে। তা ছাড়া ‘মধুপুর জাতীয় উদ্যানের ইকোট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা’র আওতায় বন বিভাগ স্থানীয় মানুষের ভূমিতে সীমানাপ্রাচীরসহ আরবোরেটাম বাগান, দ্বিতল গেস্টহাউস, ভূগর্ভস্থ জলাধার নির্মাণসহ নানা স্থাপনা নির্মাণ করছে। মধুপুরের ১১ নম্বর শোলাকুড়ি ইউনিয়নের পীরগাছা মৌজার আমতলীর নিচু জমিতে দেশি-বিদেশি পর্যটকদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে তিন ফসলি জমিতে বন বিভাগ কৃত্রিম লেক খনন করার সিদ্ধান্ত নিয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এসব কর্মকাণ্ড ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনজীবিকার ওপর মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে ও ব্যাহত করবে তাদের কৃষিকেন্দ্রিক অর্থনীতি। এ ছাড়া এতে প্রস্তাবিত লেকের পাশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কর্মকাণ্ড, পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবসহ মধুপুর বনের অবশিষ্ট প্রাকৃতিক বনে স্থায়ী প্রভাব পড়বে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ। উপস্থিত ছিলেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক বুশ নকরেক, গারো স্টুডেন্টস ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক লেবিয় ম্রং, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের চন্দন কোচ, গারো স্টুডেন্টস ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি সতীর্থ চিরান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, হাজং স্টুডেন্টস কাউন্সিল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হরিদাস হাজং।
সংবাদ সম্মেলনে কৃষিজমিতে প্রস্তাবিত লেক খনন প্রকল্প বাস্তবায়ন দ্রুত বাতিলের দাবি জানানো হয়। এ ছাড়া স্থানীয় মানুষের পূর্বানুমতি ও সম্মতি ছাড়া উন্নয়নের নামে কোনো প্রকল্প গ্রহণ না করারও দাবি জানানো হয়।