মধ্য ও নিম্নমধ্যবিত্তদের উত্তরায় ২২৫১২টি ফ্ল্যাট দেবে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় ১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মধ্য ও নিম্নমধ্য আয়ের নাগরিকদের মধ্যে বরাদ্দের জন্য ২২ হাজার ৫১২টি ফ্ল্যাট নির্মাণ করবে। ১৫ ও ১৬ নম্বর সেক্টরের সঙ্গে লাগোয়া বাঁধের পাড়ে ২১৪ একর জমিতে ২৬০টি বহুতল ভবনে এসব ফ্ল্যাট হবে। কাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্ল্যাট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রকল্পের উদ্যোক্তা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক সূত্র জানায়, ঢাকা মহানগরের আবাসনসংকট নিরসনের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়াও প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, মূল শহরে জনসংখ্যার চাপ কমানো ও পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। তবে ঢাকায় যাঁদের প্লট বা ফ্ল্যাট রয়েছে, তাঁরা এখানে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন না।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, একই জায়গার মধ্যে প্লটের তুলনায় ফ্ল্যাট বরাদ্দ দেওয়া যায় অনেক বেশি আবেদনকারীকে। সেই আলোকে রাজউকের বিভিন্ন প্রকল্পে যেসব প্লট দেওয়া হয়েছে, একই স্থানে ফ্ল্যাটও দেওয়া হবে। উত্তরার এই প্রকল্পের মাধ্যমে তার সূচনা হবে।প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে আট হাজার ৬২৫ কোটি ৭৯ লাখ টাকা। ২৬০টি ভবনের প্রতিটি হবে ১৫ তলার। ফ্ল্যাট হবে তিন শ্রেণীর। এর মধ্যে ‘এ’ শ্রেণীর (সুপিরিয়র) ছয় হাজার ৬০৮টি ফ্ল্যাটের প্রতিটির আয়তন হবে এক হাজার ২৫০ বর্গফুট। এই শ্রেণীতে ১১৮টি ভবনের প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট থাকবে। ‘বি’ শ্রেণীর (সুপার) ফ্ল্যাট হবে সাত হাজার ৫৬টি, যার প্রতিটির আয়তন হবে এক হাজার ৩০ বর্গফুট। এই শ্রেণীর ৬৩টি ভবনের প্রতি তলায় থাকবে আটটি করে ফ্ল্যাট। ‘সি’ শ্রেণীর (স্ট্যান্ডার্ড) ফ্ল্যাট হবে আট হাজার ৮৪৮টি, যার প্রতিটির আয়তন হবে ৮৫০ বর্গফুট। ৭৯টি ভবনের প্রতি তলায় থাকবে এই শ্রেণীর আটটি করে ফ্ল্যাট।ফ্ল্যাটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জায়গা যেহেতু রাজউকের নিজস্ব এবং মাটি ভরাটের কাজ ৮০ শতাংশের মতো শেষ হয়েছে, তাই দাম সরকারি মূল্যেই হবে। এ ছাড়া এই ফ্ল্যাট প্রকল্পে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ নেওয়া এবং অন্যান্য সুবিধার জন্য আলাদা টাকা নেওয়া হবে না।পূর্ত প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, রাজউকের খরচ যা হয় তার সঙ্গে দামের খুব একটা হেরফের হবে না। ক্রেতার ক্রয় ক্ষমতার দিকটি চিন্তা করা হবে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা জানান, আগামী জুলাই মাস নাগাদ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদনকারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করার পরিকল্পনা আছে। প্রকল্পের মেয়াদকাল ২০১৫ সালের জুন পর্যন্ত। তিনি বলেন, ফ্ল্যাট প্রকল্পের প্রসপেক্টাসে এ শর্ত অবশ্যই উল্লেখ থাকবে যে ঢাকায় যাঁদের জমি বা ফ্ল্যাট রয়েছে, তাঁরা এ প্রকল্পে আবেদন করতে পারবেন না।