মধ্যবর্তী নির্বাচন চাইলে সংসদে অনাস্থা প্রস্তাব আনুন: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি লুটপাট, অরাজকতা ও ধ্বংস ছাড়া কিছু বোঝে না। কারণ বিএনপি-জামায়াত জোট বাংলাদেশ চায় না বলেই দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। জামায়াতের সঙ্গে জোট করে বিএনপি ইসলাম নিয়ে ব্যবসা করতে চায়। দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় জুরাইন নতুন রাস্তা মোড়ে শ্যামপুর থানা আওয়ামী লীগ আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন। ‘নারীনীতি নিয়ে বিএনপির মদদে সাম্প্রদায়িক অপশক্তির অপপ্রচার ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’-এর প্রতিবাদে এ সমাবেশ হয়।মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বিএনপির উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন চাইলে মাঠ গরম করার বৃথা চেষ্টা বাদ দিয়ে সংসদে আসুন। গণতান্ত্রিক পন্থায় সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনুন। অনাস্থা ভোটে হারলে আমরাও মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত। অন্যথায় সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি আবার দেশকে সন্ত্রাসীর রাজ্যে পরিণত করতে চায়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রধান বিচারপতিদের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ না দেওয়ার কথা উল্লেখ করে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক মহত্ত্বের পরিচয় দিয়েছেন। বিএনপি নেতা মওদুদ আহমদ এ বিষয়টি বুঝতে পারেননি বলেই অকারণে অস্থির হচ্ছেন। শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আফজাল হোসেন, সাংসদ সানিজদা খানম, এম এ আজিজ, সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নিহত মো. উল্লাহর স্ত্রী কোহিনূর বেগম প্রমুখ।