মধ্যবাড্ডার রাস্তা সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানা বন্ধের প্রতিবাদে টোপাজ ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা গতকাল সোমবার রাজধানীর মধ্য বাড্ডার প্রধান সড়ক প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া পাওনার দাবি জানাতে থাকেন। তবে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, একই ভবনের এক তলা থেকে অন্য তলায় শ্রমিক স্থানান্তরের ঘটনাকে পুঁজি করে শ্রমিক নামধারী কিছু উচ্ছৃঙ্খল যুবক সড়ক অবরোধ করেছে। এর ফলে গুলশান, বাড্ডা, কুড়িল, রামপুরা এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও বাড্ডা থানার পুলিশ জানায়, গত শনি ও রোববারের অসন্তোষের পর গতকাল মধ্য বাড্ডার হাকিম টাওয়ারের টোপাজ ড্রেসেস লিমিটেড নামের পোশাক কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। সকালে শ্রমিকেরা কারখানার ফটকে অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা দেখে খেপে ওঠেন। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা কারখানার পাশে রামপুরা-বাড্ডা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শ্রমিকেরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বেলা ১১টার দিকে সড়কটি পুরোপুরি বন্ধ করে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশ দুপুরের দিকে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামানও। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়লে বেলা আড়াইটা থেকে সড়কে আবারও যান চলাচল শুরু হয়।তবে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘শ্রমিকদের লাঠিপেটা করা হয়নি। শুধু জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে জানতে কারখানাটির মালিক মোহাম্মদ খায়রুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তি: বিজিএমইএর মহাসচিব এহসানুল ফাত্তাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নিয়ম মেনে ভবনের ছাদের জায়গা উন্মুক্ত করতে ১১ তলার টিনশেড থেকে কিছু শ্রমিককে অন্যান্য তলায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়। এ কারণে স্থানান্তরিত শ্রমিকেরা গত শনি ও রোববার কাজ করেননি। বিষয়টি নিয়ে মালিক-শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বৈঠক করেন। বৈঠকে ১১ তলার সুইং ফ্লোর বন্ধ ঘোষণা ও অন্য শ্রমিকদের সবেতনে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ঘটনাকে ইস্যু করে শ্রমিক নামধারী কিছু উচ্ছৃঙ্খল যুবক গতকাল সড়ক অবরোধ করে বসে। বিজিএমইএ এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।