মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে পারস্পরিক কার্যকর সহযোগিতার পরিবর্তে ভারতের প্রতি বাংলাদেশের সন্দেহ, অবিশ্বাস ও অনাস্থা বেড়েছে।ভারতের প্রধানমন্ত্রীর বহুল আলোচিত এই সফরে তিস্তা নদীর পানি চুক্তি না হওয়ার প্রেক্ষাপট উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এ কথা বলেন। এ ঘটনায় তাঁরা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেন, তিস্তার পানি নিয়ে বাংলাদেশ আবারও মহাপ্রতারণার শিকার হলো। ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর ন্যায্য সমাধান ছাড়া ‘ভারতকে কোনোভাবেই একতরফা ট্রানজিট-করিডর নয়’—এ রকম নীতি গ্রহণ করা প্রয়োজন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।জাতীয় মুক্তি কাউন্সিলের এক সভায় বলা হয়, ভারতের শাসকশ্রেণী দক্ষিণ এশিয়ার জাতি ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশের তাঁবেদার মহাজোট সরকার ও বিরোধী জোট এই চক্রান্তের অংশ। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। সামিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম, কেন্দ্রীয় নেতা কাজী ইকবাল, আবদুস সামাদ প্রমুখ বক্তব্য দেন।সামাজিক রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হুমায়ুন কবির এক বিবৃতিতে বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ট্রানজিট নয়, আমরা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বহুমাত্রিক ট্রানজিট চাই।’গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন তিস্তার পানি নিয়ে চুক্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন এক বিবৃতিতে বলেন, ঢাকঢোল পেটানো বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, অনভিজ্ঞ মন্ত্রী ও অতি উৎসাহী ভারতের দালালচক্র বাস্তব অবস্থা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তিনি অনভিজ্ঞ মন্ত্রীদের পদত্যাগের দাবি জানান।