মনিবের মতো আচরণ করা যাবে না: নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব ও সম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, এই দুটি বিভাগের প্রচণ্ড দুর্নাম রয়েছে। কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কর আদায় করতে গিয়ে নাগরিকদের সঙ্গে মনিবের মতো আচরণ করা যাবে না। তাঁদের কর দিতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি করখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।
গতকাল সোমবার সকালে সিটি করপোরেশনের রাজস্ব ও সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন মেয়র। গৃহকর আদায়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অর্থবছরের বাকি আছে ৩৫ দিন। আদায় হয়েছে মাত্র ৫৯ দশমিক ৬৭ শতাংশ। শতভাগ রাজস্ব আদায়ে এখন থেকে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।
নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমেদ ও প্রধান রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমদুল হক।
মেয়র বলেন, ‘করপোরেশনে কর্মরতদের কার কোথায় কী আছে, তা আমার জানা আছে।’ প্রধান রাজস্ব কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, সিটি করপোরেশন অনেক বিরোধপূর্ণ জায়গা বায়না করেছে। তথ্য-উপাত্ত যাচাই না করে কেন এসব জায়গা বায়না করা হলো? পূর্ববর্তী মেয়রদের কথা বলে পার পাওয়া যাবে না। এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও তাঁকে থামিয়ে দেন মেয়র। করপোরেশনের বায়না করা জায়গার তথ্য লিখিতভাবে জানানোর নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত না থাকায় করপোরেশনের রাজস্ব বিভাগের সার্কেল-১-এর পরিদর্শক মো. আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য সার্কেল-৫-এর কর সংগ্রাহক শফিকুল ইসলাম সিদ্দিকীকে প্রত্যাহারের নির্দেশ দেন মেয়র।
সততা ও আন্তরিকতা নিয়ে করপোরেশনের রাজস্ব আদায় করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানিয়ে আ জ ম নাছির বলেন, এটি আয়ের প্রধান খাত। রাজস্ব আদায় না হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে। রাজস্ব আদায়ে স্থানীয় কাউন্সিলর ও গণমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
সভায় মেয়র বলেন, করপোরেশন গৃহকর মূল্যায়ন নিয়ে নগরবাসীর অনেক ক্ষোভ রয়েছে। সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে গৃহকর আদায় করা হলে এতে দুর্নীতির সুযোগ থাকবে না। নগরবাসীকে নীতিমালা অবহিত করতে এলাকায় এলাকায় মাইকিং করা, প্রচারপত্র বিতরণ ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানান তিনি।
করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রমের বিষয়ে আ জ ম নাছির বলেন, শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম চালু করায় সাময়িকভাবে বড় অর্জন মনে হয়েছে। কিন্তু এখন এগুলো গলার ফাঁস হয়ে গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এর দায়িত্ব নিচ্ছে না।
বিলবোর্ডের বিষয়ে মেয়র বলেন, ‘করপোরেশনের কোন মেয়রের আমলে কতটি বিলবোর্ড অনুমোদন দেওয়া হয়েছে, তার তালিকা আমাকে দেবেন। কিসের ভিত্তিতে এসব বিলবোর্ডের অনুমোদন দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সত্ত্বেও পুরোনো ভবনের ওপর বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। আমি তো মনে করি, নগরের সবগুলো বিলবোর্ডই ঝুঁকিপূর্ণ।’
দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বিলবোর্ডের অনুমোদন ও নবায়ন বন্ধ রাখার নির্দেশ দেন আ জ ম নাছির। সভায় মেয়রকে জানানো হয়, নগরে বৈধ বিলবোর্ড রয়েছে ৪২৯টি এবং অবৈধ বিলবোর্ড ১ হাজার ৩৩টি। এ সময় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের উদ্দেশে আ জ ম নাছির বলেন, ‘কাল থেকে (আজ মঙ্গলবার) আপনি নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করবেন। আপনি চুল পরিমাণ ছাড় দেবেন না। কেউ আদালতে মামলা করলে আমি নিজেই তা মোকাবিলা করব।’
দুর্নীতির বিষয়ে মেয়র বলেন, ‘কেউ যদি মনে করেন মহিউদ্দিন ভাইয়ের আত্মীয়, মনজুর আলম ভাইয়ের লোক কিংবা আমাদের এমপি ও মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক আছে, এই সূত্রে পার পেয়ে যাবেন। তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।’