‘দুজন লোক আমার দুই হাত ধরে বাসে করে কোথায় নিয়া গেল, আমি জানি না। বড় একটা ছুরি দেখাইয়া ভয় দিছে। কইছে, ‘আমাদের কথা যদি কাওরে বলস, তোরে মাইরা ফালামু।’ আমারে রাস্তায় ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। আমার পাও ছিলে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে। মারে নাই, তয় খুব ভয় দেখাইছে।’
গতকাল বুধবার সকালে উত্তরার তুরাগ থানায় বসে এভাবেই ১১ বছরের কিশোর মনির হোসেন অপহরণকারীদের খপ্পরে পড়ার অভিজ্ঞতা বর্ণনা করে। অপহরণের প্রায় ২৮ ঘণ্টা পরে তাকে উদ্ধার করে তুরাগ থানা-পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তুরাগ থানাধীন ১২ নম্বর খালপাড় সেতুসংলগ্ন মোস্তফা মার্কেটের সাইফুল ইসলামের মুরগির দোকান থেকে মো. বিপ্লব ও রাইসুল ইসলাম সুমন নামে দুজন তাকে অপহরণ করেন। মনির হোসেন সাইফুলের দোকানে কাজ করত।
পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লব ও সুমন ওই দিন সাইফুলের দোকানে মুরগি কিনতে যান। দোকানির সঙ্গে কথা বলে তাঁরা ৬০টি মুরগি কেনার ব্যাপারে দরদাম করেন। সে সময় তাঁরা কিছু টাকা অগ্রিম পরিশোধ করার নাম করে মনিরকে সঙ্গে নিয়ে যান। পরে তাঁরা ওই দিনই রাত আনুমানিক আটটার সময় মুরগির দোকানি সাইফুলের কাছে মুঠোফোনে ৩০ হাজার টাকা দাবি করেন। বলে, ‘তোমার কর্মচারী এখন আমাদের কাছে আছে, ওকে ফেরত নিতে হইলে নগদ ৩০ হাজার টাকা বিকাশ করতে হবে।’
সাইফুল রাত ১১টায় তাঁদের পাঁচ হাজার টাকা বিকাশ করে পাঠালে অপহরণকারীরা আরও ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না পাঠালে তাঁরা মুঠোফোনে সাইফুলকে নানা রকম হুমকি দিতে থাকেন।
এতে ভয় পেয়ে স্বজনদের পরামর্শে মনিরের মা মনোয়ারা বেগম তুরাগ থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে অপারেশন ইনচার্জ মো. দুলাল হোসেন গত মঙ্গলবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খিলগাঁও থানার হাজীপাড়া এলাকা থেকে তাঁদের আটক করেন। গতকাল বুধবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জানতে চাইলে দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, পরিকল্পনা করে অপহরণকারীদের ধরা হয়েছে। এরা নবীন অপরাধী বলে তাঁদের দ্রুত ধরা সম্ভব হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে ব্যাপারে পুলিশ খোঁজ করছে।