মনেশ্বর রোডের খোলা নর্দমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগের মনেশ্বর রোডের নর্দমাটি খোলা থাকায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নর্দমাটি খোলা থাকায় ময়লা-আবর্জনা, ট্যানারির বিষাক্ত রাসায়নিক বর্জ্য ও মলমূত্রের গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। নর্দমাটির গভীরতা বেশি হওয়ায় এটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।

 সরেজমিনে দেখা যায়, মনেশ্বর রোডের ট্যানারি মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় গেট পর্যন্ত সড়কের পাশের নর্দমাটি খোলা। এই অনুষদের দ্বিতীয় গেটের সঙ্গেই রয়েছে সিএনজি অটোস্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে ট্যানারি মোড় পর্যন্ত খোলা নর্দমার ওপরেও ময়লার স্তূপ। অনুষদের প্রথম গেটের পাশেই রাখা আছে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। কনটেইনার ভরে ময়লা পড়ে আছে আশপাশে। দুটি শিশু খোলা নর্দমায় মলমূত্র ত্যাগ করছে। তীব্র দুর্গন্ধে অতটুকু পথ পেরোতেই দম বন্ধ হয়ে আসে। হাজারীবাগ থেকে ধানমন্ডি যাচ্ছে স্কুলে পড়া নাদিয়া ইসলাম নামের হাজারীবাগের এক বাসিন্দা। তার অভিযোগ, ‘এমন দুর্গন্ধে চলাচল করা কঠিন। সড়কের অনেকটা অংশজুড়ে ময়লা পড়ে রয়েছে। ডাস্টবিনও ময়লায় ভরা। পরিচ্ছন্নতাকর্মীরা ঠিকমতো কাজ করছেন না।’

মুখে মাস্ক লাগিয়ে ট্যানারি মোড়ের দিকে হেঁটে চলেছেন শামসুল আলম। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘অনেক বছর ধরেই আমি হাজারীবাগে থাকি। এই পথ দিয়েই আমাকে কাজে যেতে হয়। ট্যানারির বর্জ্যের গন্ধে দম বন্ধ হয়ে আসে। নর্দমাটি খোলা থাকায় গন্ধ সরাসরি ছড়িয়ে পড়ে। বাধ্য হয়েই এমন অস্বাস্থ্যকর অবস্থায় চলাচল করতে হয়।’ কেজিতে পড়া আদরকে নিয়ে রিকশায় বসে আছেন তার মা নাফিজা বেগম। তিনি বলেন, ট্যানারি মোড় দুর্গন্ধের পাশাপাশি ড্রেনটির গভীরতা বেশি হওয়ায় বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ড্রেনে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

 এই সড়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। সড়কের পাশে থাকা এই নর্দমাটি গভীরতা প্রায় তিন ফুট। এই নর্দমা দিয়েই ট্যানারিসহ এলাকার সব ময়লা-আবর্জনা ও পানি নিষ্কাশন হয়। আর এই সড়ক ব্যবহার করেই হাজারীবাগবাসীকে যেতে হয় জিগাতলা, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে। হাজারীবাগ থেকে বের হওয়ার এটি একমাত্র সড়ক হওয়ায় অসংখ্য মানুষ চলাচল করে এই পথে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম বলেন, এখনই নর্দমার ওপর স্ল্যাব বসানো সম্ভব নয়। প্রতিদিনই সুইপার দিয়ে এলাকা পরিষ্কার করানো হয়। এখানে ময়লা হয়ে গাদের মতো হয়ে যায়। ফলে পুরোপুরিভাবে পরিষ্কার করা যায় না। স্থায়ী পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ট্যানারিগুলো চলে গেলে স্থায়ীভাবে স্ল্যাব বসানো হবে।