মন্ত্রী এলেন বলে...
রাজধানীর সায়েদাবাদে বাস কাউন্টারে কয়েকটি পরিবহনে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া রাখা হচ্ছিল। মন্ত্রী পরিদর্শনে এলে কয়েকটি পরিবহনের যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে সায়েদাবাদে গেলে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কাউন্টারে গিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়ার তথ্য জানতে চাওয়া হয়। যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা জানান। এর ফলে কয়েকটি পরিবহনের কাছ থেকে ১০০ টাকা করে যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়।
টাকা ফেরত পাওয়া ফাল্গুনী পরিবহনের এক যাত্রী নাম প্রকাশ না করে বলেন, বিকেল চারটার দিকে মন্ত্রী ওবায়দুল কাদের এখানে আসেন। ফাল্গুনী পরিবহনের সব যাত্রীর কাছ থেকে ৫০০ টাকা করে টিকিটের দাম রাখা হয়েছিল। মন্ত্রী আসার আগ মুহূর্তে বাস পরিবহন শ্রমিকনেতারা কিছু কিছু কাউন্টারে ঢুকে যাত্রীদের ভাড়ার বিষয়ে প্রশ্ন করেছেন। যাত্রীরা অতিরিক্ত ভাড়ার কথা বলেছেন। কিন্তু কাগজপত্রে ভাড়া দেখা যায় ৪০০ টাকা। তখন তাঁরা কাউন্টারের লোককে ১০০ টাকা ফেরত দিতে বাধ্য করেছেন।
খুলনাগামী ওবায়দুল হক নামের এক যাত্রী বলেন, ‘এটা ভালো কাজ হয়েছে। তবে গাড়ি ছাড়তে যে তিন ঘণ্টা করে দেরি হচ্ছে, তার কোনো প্রতিকার পেলাম না। কখন বাসায় যাব, তা নিয়ে উদ্বেগে রয়েছি।’
ওবায়দুল হক বলেন, সায়েদাবাদ থেকে খুলনায় যাওয়ার জন্য গতকাল বেলা সাড়ে তিনটায় বাস ছাড়ার কথা। সেই বাস ছাড়ছে ছয়টার দিকে। এখানে বসার জায়গা নেই। দুর্ভোগের সীমা নেই।
বাড়তি বাসভাড়া ফেরত দেওয়া প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সব কাউন্টারে ভুয়া চার্ট টাঙিয়ে রাখা হয়েছে। ঈদ উপলক্ষে আসল ভাড়ার চার্টের ওপর ভুয়া আরেক চার্ট লাগানো হয়েছে। মন্ত্রী এখানে এক ঘণ্টা থাকায় ১০০ টাকা ফেরত পেলেন যাত্রীরা।
এদিকে ভাড়া ফেরত দেওয়া ফাল্গুনী পরিবহনের জনপথ বিভাগের একজন বিক্রয় নির্বাহী নাম প্রকাশ না করে বলেন, ‘ঈদের আগে ও পরে এখানকার সব পরিবহন বাড়তি ভাড়া নিয়ে থাকে। সে তুলনায় আমরা কম ভাড়া রেখেছি। আমরা একা কেন এই টাকা ফেরত দেব? আইন সবার জন্য সমান হলে অন্য সব পরিবহনও অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দিক।’