মন্ত্রী নিজেই দেখলেন, চাল ওজনের পাত্রে ছিদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল ওজনে কম দিয়ে বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ডিলারদের বিরুদ্ধে হরহামেশাই ওঠে। ওজনে কম দেওয়ার বিষয়টি গতকাল রোববার খাদ্যমন্ত্রীর নিজের কাছেই ধরা পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির ডিলারশিপ বাতিল ও দায়িত্বপ্রাপ্ত সহকারী খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুরের ছাপড়া মসজিদের কাছে ট্রাকে করে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করতে যান খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। চালের মান ও ওজন সম্পর্কে ক্রেতাদের সঙ্গে আলাপের একপর্যায়ে তিনি চাল যে পাত্রে রেখে ওজন করা হয় সেটি পরীক্ষা করেন। পাত্রটি উঁচু করতেই তিনি দেখেন, পাত্রের নিচের অংশে ছিদ্র রয়েছে ও তা স্কচটেপ দিয়ে আটকানো।মন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ডিলার খোরশেদ আলম ও সহকারী খাদ্য পরিদর্শক জিল্লুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চান। তাঁরা সদুত্তর দিতে না পারায় মন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে খাদ্য বিভাগ খোরশেদ আলমের ডিলারশিপ বাতিল ও জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে। অনিয়মের অভিযোগ ওঠায় এ নিয়ে আটজনের ডিলারশিপ বাতিল ও দুজন সহকারী খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হলো।জানতে চাইলে ডিলার খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, চাল ওজনের পাত্রে ছিদ্র থাকায় বড়জোড় ৫০ গ্রাম চাল কম হয়। এ সামান্য অপরাধে ডিলারশিপ বাতিল করা ঠিক হয়নি। সকালে পাত্রটি হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তাই দিনের কাজ চালানোর জন্য তাতে স্কচটেপ দেওয়া হয়েছিল।জিল্লুর রহমান বলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। খাদ্য ভবনে গেলে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন।৯ আগস্ট থেকে রাজধানীর ৯৯টি স্থানে ডিলারদের মাধ্যমে ট্রাকে করে ২৪ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। ছয়টি এলাকায় ভাগ করে এই কার্যক্রম চলবে এক মাস। মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিক্রি হচ্ছে। জুরাইন, যাত্রাবাড়ী, ধলপুর, মানিকনগর, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপাড়, সূত্রাপুর, দয়াগঞ্জ, ধুপখোলা, ঢাকা কটন মিল, ওয়াইজঘাট, লক্ষ্মীবাজার, লালবাগ, হাজারীবাগ, পান্থপথ, শাহজাহানপুর রেলওয়ে কলোনি, সিরাজ কমিশনার বস্তি, মালিবাগ রেলগেইট, শাহজাহানপুর, গোপীবাগ পুলিশ কমিটি ক্লাব, ফকিরাপুল, শহীদবাগ, আগারগাঁও তালতলা ও বিএনপি বস্তি, তেজগাঁও রেলওয়ে কলোনি, রায়েরবাজার, মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া, সনি সিনেমা হল, কল্যাণপুর, শিয়ালবাড়ী, রামপুরা, গোড়ান, বাড্ডা, উত্তরা ও মহাখালীর বিভিন্ন স্থানে ট্রাকে করে এ চাল বিক্রি হচ্ছে।