মন্ত্রী বললেন, ‘আমি ক্ষমা চাই’
প্রায় ছয় বছর আগে ধর্ম অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাস। বিতর্ক ও সমালোচনার মুখে আইনটির ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বাতিল করা হলেও রসরাজের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এর কারণ, ২০১৮ সালে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে পুরোনো অভিযোগে রসরাজের বিরুদ্ধে অভিযোগপত্র (গত বছরের ডিসেম্বরে) দিয়েছে পুলিশ। এই মামলার ঘানি টানতে টানতে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।
রসরাজ বলেছেন, আগে মামলার হাজিরা দিতে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যেতে হতো। শুধু যাতায়াতেই প্রায় ৬০০ টাকা খরচ হতো। এখন মামলাটি চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। যে কারণে চট্টগ্রামে গিয়ে তাঁকে হাজিরা দিতে হচ্ছে। একবার হাজিরা দিতেই যাতায়াত, থাকা-খাওয়া এবং আইনজীবীর খরচ মিলে প্রায় ১০ হাজার টাকা খরচ হচ্ছে। যেখানে জেলে রসরাজের এক দিন মাছ না ধরলে সংসার চলে না, সেখানে এভাবে মামলা চালানো প্রায় অসম্ভব।
এ আইনে যাঁরা হয়রানির শিকার হয়েছেন, নিঃসন্দেহে আমি আপনাদের কাছে ক্ষমা চাই।
রসরাজের মতো ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আরও ছয়জন আসামি গতকাল শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তাঁরা হলেন ঢাকার বেগম বদরুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকার, মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল, কুমিল্লার শিক্ষক শংকর দেবনাথ, সুনামগঞ্জের সমাজকর্মী ঝুমন দাস, রংপুরের টিটু রায় ও পটুয়াখালীর জয়দেব শীল।
‘ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী ও প্রকৃত অপরাধী’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ভুক্তভোগী রুমা সরকার বলেন, কোনো ধরনের ধর্মীয় উসকানি তিনি ছড়াননি। ২০২১ সালের ১৯ অক্টোবর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরের দরজা ভেঙে দুই সন্তানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি অনুরোধ করেছিলেন সকাল পর্যন্ত যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপেক্ষা করে। কিন্তু দুই সন্তানকে এক প্রতিবেশীর কাছে রেখে তাঁকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় আড়াই মাস কারাগারে বন্দী থাকার পর গত ডিসেম্বরে তিনি জামিনে মুক্তি পান। এই মামলার কারণে তিনি শিক্ষকতা পেশায় ফিরতে পারছেন না। নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জের ঝুমন দাস ২০২১ সালের ১৭ মার্চ গ্রেপ্তার হন। আর পটুয়াখালীর জয়দেব শীল গ্রেপ্তার হন ২০১৯ সালের মে মাসে। ঝুমন দাস বলেন, কারাগারে থাকা কয়েদি এবং হাজতিরা তাঁকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি হামলার চেষ্টা করেছেন। জয়দেব শীল বলেন, মামলার কারণে তাঁর শিক্ষাজীবন হুমকির মুখে।
ভুক্তভোগীদের বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মোস্তাফা জব্বার বলেন, ‘রুমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি একটি স্বাধীন দেশে একটি মা তাঁর দুটি সন্তানকে সকাল পর্যন্ত তাঁর ঘরে থাকার অধিকারটি দেয়নি। রাষ্ট্র এমন একটি আচরণ করেছে, এ জন্য আমি ক্ষমা চাই। এই রাষ্ট্রের জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমি মনে করি, এটি অত্যন্ত দুঃখজনক। এখানে যাঁরা আছেন, তাঁদের সবার ঘটনাই দুঃখজনক। একদিক থেকে যদি বলেন, তবে আমার হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত। কারণ তাঁরা যে আইনের ভুক্তভোগী, এই আইনটির জন্য কাজ করেছি। এ আইনে যাঁরা হয়রানির শিকার হয়েছেন, নিঃসন্দেহে আমি আপনাদের কাছে ক্ষমা চাই।’
ডিজিটাল নিরাপত্তা আইনে ভুক্তভোগী হওয়ার দোষটা আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচারব্যবস্থার বেশি বলেও মন্তব্য করেন মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ মানুষের ওপর মাসের পর মাস, বছরের পর বছর যে নির্যাতন চলছে, তার দায় সরকার এড়াতে পারে না। যাঁদের নিরাপত্তার জন্য আইনটি প্রণীত হয়েছিল, সেই আইনে মাসের পর মাস, বছরের পর বছর কারানির্যাতন ভোগ করেছেন প্রধানত সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠানের আলোচক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের এ রকম ভুক্তভোগীরা কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের শিকার। বর্তমানে পুলিশের মস্তিষ্কে ধর্মান্ধতা ঠাঁই নিয়েছে। আগে তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সংসদ সদস্য আরমা দত্ত বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ দিনের পর দিন ভুগছে, এটি অনেক কষ্টের বিষয়। আইনটি রাষ্ট্রের উপকারের জন্য করা হলেও এখন এটি অনেক মানুষের ক্ষতি করছে। এই আইনকে আবার পর্যালোচনা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ধারণা নেই বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস বল।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বলছে কিন্তু আসল সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না।
ডিজিটাল নিরাপত্তা আইনটি যেন সঠিক জায়গায় প্রকৃত অপরাধীদের জন্যই প্রয়োগ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক মারুফ রসুল। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন একটি সন্দেহজনক আইনে পরিণত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনটি রক্ষক না ভক্ষকের ভূমিকায়, সে বিষয়ে সম্ভবত সরকার-সমর্থক অনেক গণ্যমান্যজনও সন্দিহান হয়ে পড়েছেন।