আমাদের মধ্যে আইন মানার প্রবণতা কম। মন্ত্রী, সাংসদসহ নামীদামি অনেকেই ট্রাফিক আইন ভেঙে উল্টো পথ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যান। তাই আইন ভঙ্গের অভিযোগ এনে শুধু পুলিশকেই দায়ী করলে চলবে না।গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনজন সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে কথাগুলো বলেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার নূরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামানও বলেন, মন্ত্রী, সাংসদ, শিক্ষিত ও সরকারে যাঁরা থাকেন, তাঁদের অনেকেই আইন মানেন না। উপস্থিত সাংসদ গোলাম মওলা রনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের মানবিক হলে চলবে না, আইন বাস্তবায়নে যন্ত্র হতে হবে।’অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা ‘পুলিশের জন্য নির্ধারিত বাজেট: বাস্তবতা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এতে মূল গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মাহবুবুর রহমান।প্রবন্ধে বলা হয়, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পুলিশের জন্য বরাদ্দ খুবই অপ্রতুল। এ বরাদ্দ দিয়ে পুলিশের কাছ থেকে সেবা প্রত্যাশা করা যায় না। পুলিশকে জনগণের বন্ধু করতে হলে বরাদ্দ বাড়াতে হবে।সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাজেট নিয়ে আমাদের মতো সংসদ সদস্যদের আলোচনার তেমন সুযোগ থাকে না। তবে প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ হয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখতে পারি।’সাংসদ গোলাম মাওলা বলেন, ‘এ বরাদ্দ বাড়ানোর কথা কাকে বলব—অর্থমন্ত্রীর কাছে যাব, যদি তিনি আমাকে “রাবিশ” বলে ফেলেন! এ জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব।’ সাংসদ নিলুফার ইয়াছমিন চৌধুরী বলেন, বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশকেই কথা বলতে হবে। সভা, সেমিনার, ধর্মঘট—বিভিন্ন উপায়ে তাদের কথা জানাতে হবে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, পুলিশের আইনটি ব্রিটিশ আমলের। এটি দাসত্বমূলক আইন। ধর্মঘটের মতো কোনো কিছু করার সুযোগ দেওয়া হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থা তৈরি করতে হলে প্রয়োজন নতুন আইন ও পর্যাপ্ত বরাদ্দ।সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, পুলিশ খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে ধরতে হবে। এতে জাতি লাভবান হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন বলেন, বরাদ্দ বাড়ানোর সঙ্গে সেবা বাড়ানোর বিষয়টিও নিশ্চিত করতে হবে।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাদৎ হোসেন, দি ইনডিপেনডেন্টের অনলাইন সম্পাদক গোলাম তাহাবুর ও বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।