প্রধানমন্ত্রী যেভাবে গুণীজনদের অপমান করে কথা বলছেন, সরকারের মন্ত্রীরাও ঠিক সেভাবেই সন্ত্রাসী আচরণ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত গণতান্ত্রিক জোট আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ অভিযোগ করেন রফিকুল ইসলাম মিয়া।বিএনপির এই নেতার দাবি, পদ্মা সেতু দুর্নীতি, পুঁজিবাজার, হল-মার্ক, রেলের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্য থেকে বোঝা যায়, তাঁরা সন্ত্রাসের মাধ্যমে আগামী নির্বাচন করতে চান। তিনি বলেন, সরকার কথায় কথায় সুষ্ঠু নির্বাচনের কথা বলে, অথচ দীর্ঘ সময় মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও তারা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করতে দিচ্ছে না। সেখানে নির্বাচিত প্রতিনিধি সরিয়ে অনির্বাচিত ব্যক্তিকে প্রশাসক বানিয়ে করপোরেশন চালাচ্ছে। কারণ সরকার বুঝে গেছে, ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন হলে তারা জিততে পারবে না।বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান করে কোম্পানি আইনের সংশোধনীর উদ্যোগকে সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।