মন্দিরে হামলাকারী ও মদদদাতাদের শাস্তি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় যারা বর্বরোচিত হামলা চালিয়েছে এবং যারা মদদ দিয়েছে, তদন্ত করে তাদের খুঁজে বের করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী। ছায়ানটের শিল্পীদের গান আর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠান শুরু হয়।আইনমন্ত্রী বলেন, ‘যারা ধর্মের নামে অস্থিরতা সৃষ্টি করতে চায়, ধর্মের নামে ধ্বংসযজ্ঞ চালায়, তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।’সভায় ‘মহাত্মা গান্ধীর আদর্শ এবং সমকালীন বিশ্বে তাঁর প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে এই আলোচনা করছি, যখন কক্সবাজারের রামুতে ধ্বংসযজ্ঞ চলেছে।’ তিনি বলেন, ‘গান্ধী সারা জীবন অহিংস মতবাদের চর্চা করেছেন।’অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, গান্ধী সমাজের কুসংস্কার, মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে সারা জীবন কাজ করেছেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার বলেন, চট্টগ্রাম অঞ্চলে যে ঘটনা ঘটল, তাতে কারা জড়িত, সেটি খুঁজে বের করা উচিত। নোয়াখালী-১ আসনের সাংসদ মাহবুবউদ্দিন বলেন, গান্ধীর অহিংস আদর্শের চর্চা করতে পারলে আজ চট্টগ্রামে যা হলো, মিয়ানমারে যা হচ্ছে, তা কখনোই হতো না।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডালেম চন্দ্র বর্মণ।