মন্দিরে হামলার অভিযোগ, পুলিশ বলছে জমি নিয়ে বিরোধ
রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে রাধাকান্ত জিউ ইসকন মন্দিরের সীমানাপ্রাচীর ভেঙে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার স্থানীয় সফিউল্লাহ এবং তাঁর ছেলে ইসরাফ সুফির বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেছেন মন্দিরের সেবক সুমন্ত চন্দ্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক ব্যক্তি এই হামলায় অংশ নেয় বলে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ।
তবে পুলিশ বলছে, মামলার প্রধান আসামি সফিউল্লাহর সঙ্গে মন্দিরের পাশে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও চলমান আছে। সফিউল্লাহ ওই জমির সীমানাপ্রাচীর ভেঙে সেটি দখলের চেষ্টা করেছেন। মন্দিরের সীমানাপ্রাচীর ভেঙে কোনো হামলার ঘটনা ঘটেনি। জমি নিয়ে বিরোধের কোনো তথ্যই মামলার এজাহারে উল্লেখ নেই।
ঘটনার পর মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ওই জমিতে একটি পরিত্যক্ত টিনশেড ঘর রয়েছে। জমির সীমানাপ্রাচীর ভেঙে সেটি দখলের চেষ্টা করেছিলেন সফিউল্লাহ। ওই সীমানাপ্রাচীরটি মন্দিরের নয়।
ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের ওই মন্দিরের পুরোহিত অমানি কৃষ্ণ দাশ প্রথম আলোকে বলেন, দুই থেকে আড়াই শ ব্যক্তি মন্দিরে হামলা করেছে। দুজনকে আহত করা হয়েছে। মন্দিরের সংস্কারকাজের জন্য রক্ষিত মালামাল দুটি ট্রাকে করে নিয়ে গেছে।
মন্দিরে হামলার অভিযোগ ওঠার পর শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ প্রথম আলোকে বলেন, ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটে সাড়ে ১৬ কাঠা জায়গার মধ্যে মন্দির। এই মন্দিরের দেড় কাঠা জমি সফিউল্লাহ নামে এক ব্যক্তি ক্রয় করেছেন বলে দাবি করেছেন। কিন্তু মন্দিরের জমি দেবোত্তর হওয়ায় সেটি ক্রয়ের সুযোগ নেই। ওই জমি দখল করতেই সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে। তবে সেখান থেকে মালামাল নেওয়ার কোনো আলামত চোখে পড়েনি।
নিন্দা-প্রতিবাদ
এই হামলার প্রতিবাদে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শিগগিরই দুষ্কতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমিদস্যু, সাম্প্রদায়িক বিষবাষ্প সৃষ্টিকারীদের হাত থেকে মন্দির রক্ষায় প্রশাসন যেন কার্যকর ব্যবস্থা নেয়। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। আজ শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।