মমিন মসজিদের শতবর্ষ উদ্যাপন
১৯১৩ সালে পিরোজপুর জেলার বুড়িরচর গ্রামে সম্পূর্ণ কাঠে নকশা করে নির্মাণ করা হয়েছিল ‘মমিন’ নামে একটি মসজিদ। এতে কোনো রকম লোহার পেরেক ব্যবহার করা হয়নি। মসজিদটির নিখুঁত নির্মাণকাজ ২২ জন শ্রমিকের শেষ করতে সময় লেগেছিল প্রায় সাত বছর। এরই মধ্যে শতবর্ষে পা রাখল মসজিদটি।এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর প্রত্নতত্ত্ব ভবনের সেমিনার হলে এক সেমিনার এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও মমিন মসজিদ শতবর্ষ উদ্যাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বুড়িরচর গ্রামের মরহুম মৌলভি মমিনউদ্দিন আকন নামের এক ব্যক্তি ১৬ হাত দৈর্ঘ্য, ১২ হাত প্রস্থ ও ১৫ হাত উচ্চতার এ মসজিদটি নির্মাণ করেছিলেন।সেমিনারে বক্তারা বলেন, ঐতিহ্য সংস্কার-সংরক্ষণ করার নামে ঐতিহাসিক অনেক স্থাপনার আসল রং ও কাঠামো নষ্ট করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মমিন মসজিদ। ২০০৮ সালে মসজিদটি সংস্কার করতে গিয়ে এতে লোহার গজাল ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এর আসল রংও পরিবর্তন করা হয়েছে। বক্তারা বলেন, আইনের ভিত্তি ও সাস্কৃতিক-ঐতিহাসিক মূল্যায়নের মাধ্যমে দেশের প্রাচীন নিদর্শনকে সুরক্ষিত ঘোষণা করতে হবে। সে সঙ্গে পুরাকীর্তিগুলোর মধ্যে যেগুলো ধ্বংসের মুখোমুখি, তা কৌশলে রক্ষা করতে হবে। একই সঙ্গে দেশের ঐতিহ্য রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জনবল ও বাজেট বরাদ্দ বাড়াতে হবে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব আ কা মো. যাকারিয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক আঞ্চলিক পরিচালক মোহা. মোশাররফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক এ কে এম শাহনাওয়াজ, জাতীয় জাদুঘরের কিপার জিনাত মাহরুখ বানু, উপকিপার নীরু শামসুন্নাহার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রত্ন.) রাখী রায়, মমিন মসজিদ শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মাদ শহিদুল্লাহ্ প্রমুখ বক্তব্য দেন।