মরা মুরগি বিক্রির দায়ে আবারও দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও স্টেশন রোডের একটি মুরগির আড়তে গতকাল বুধবার অভিযান চালিয়ে মরা মুরগি বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন গোলাম হোসেন (৩৯) ও শাহ আলম (২৮)।র‌্যাব সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে আদালত সকাল সাড়ে ছয়টার দিকে রেলওয়ে স্টেশন রোডের একটি মুরগির আড়তে অভিযান চালান। আদালত ১৩১টি মরা মুরগিসহ গোলাম হোসেন ও শাহ আলমকে গ্রেপ্তার করেন। মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তাঁদের প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।আনোয়ার পাশা বলেন, গোলাম হোসেন ও শাহ আলমের সহযোগীরা বিভিন্ন আড়ত থেকে মরা মুরগি সংগ্রহ করে একটি চক্রের মাধ্যমে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। ৯ এপ্রিল স্টেশন রোডে অভিযান চালিয়ে একই অভিযোগে কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিছু দিন মরা মুরগি বিক্রি বন্ধ থাকলেও এখন আবার শুরু হয়েছে।