মরিচের গুঁড়ায় কাপড়ের রং জিরার সঙ্গে কাঠের গুঁড়া
পচা মরিচ মেশিনে গুঁড়া করে তা চকচকে করতে মেশানো হয় কাপড়ের রং। জিরার সঙ্গে মিশানো হয় কাঠের গুঁড়া। কাউন গুঁড়া করে মিশানো হয় ধনিয়ার গুঁড়ার সঙ্গে। রাজধানীতে পরিচালিত এক ভেজালবিরোধী অভিযানে এ তথ্য উদ্ঘাটিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পূর্ব রামপুরার ওয়াসা রোডের এম রহমান ফ্লাওয়ার মিলসে চালানো অভিযানে গুঁড়া করার জন্য রাখা পচা মরিচ, ডাইং কারখানায় ব্যবহূত লাল রং, কাউন আর কাঠের গুঁড়া পাওয়া যায়। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে এ অভিযানে বিএসটিআইয়ের সহকারী পরিচালক এস এম আবু সাইদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, পূর্ব রামপুরার ওই মিলটিতে কম দামে কেনা পচা মরিচ মেশিনে গুঁড়া করা হয়। এরপর তা চকচকে করতে মেশানো হয় কাপড়ের লাল রং। ধনিয়ার গুঁড়ার সঙ্গে কাউনের গুঁড়া আর জিরার সঙ্গে কাঠের গুঁড়া মেশানো হয়। এগুলো নিজস্ব মেশিনে প্রস্তুত করে সাদা প্যাকেটে অনুমোদনহীনভাবে সংরক্ষণ ও বিক্রি করা হয়। অভিযানকালে প্রায় তিন মণ পচা মরিচসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে। এগুলো পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। মিল মালিক মোখলেসুর রহমানের অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়। মিলটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে ভেজালসামগ্রী উদ্ধারের খবর শুনে ও ঘটনা দেখে হতবাক এলাকার লোকজন। সুলতান আহমেদ বলেন, ‘খাঁটি বলে এই মিল থেকেই মসলা কিনতাম। এখন দেখি জীবন তো শেষ কইরা দিছে। ভাতে তরকারি নিলে স্বাদ লাগে না। আগে তো এসব জানতাম না। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’বেলা সোয়া দুইটায় অভিযান চালানো হয় উত্তর শাহজাহানপুরের গাজী অয়েল মিলসে। এ প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে সয়াবিন তেল ও সরিষার তেল উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করে। শুধু শিল্পকারখানায় ব্যবহূত অপরিশোধিত (ক্রুড গ্রেড) নারকেল তেল হেয়ার অয়েল হিসেবে বোতলজাত করে। কারখানার দোতলায় দেখা যায় মজুত করে রাখা অনেকগুলো ক্রুড গ্রেড নারকেল তেলের পাত্র। সরিষা ও সয়াবিন তেলের বোতলে বিএসটিআইয়ের মানচিহ্ন থাকলেও মিল মালিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, নারকেল তেল পরিশোধন না করে লেবেল ছাড়া বিক্রি করা হয়। মিলের ব্যবস্থাপক নারকেল তেল বাজারজাত করার জন্যও বিএসটিআইয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এসব কারণে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মালিক গাজী আবদুর রাজ্জাকের অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।এর আগে দুপুর ১২টায় অভিযানকারী দল মালিবাগ চৌধুরীপাড়ার দুটি ইলেকট্রনিকস-সামগ্রীর দোকানে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় ২৪টি নকল টিভি। স্যামসাংয়ের নকল টিভি বিক্রির অভিযোগে খান ইলেকট্রো মার্টকে তিন লাখ ও ইলেকট্রো কিংকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ইলেকট্রো কিংয়ের রায়হান উদ্দিন বলেন, ‘অন্যরা বিক্রি করে, তাই আমরাও বিক্রি করছি।’বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও গতকাল রায়েরবাগ ও শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হোটেল, রেস্তোরাঁ ও বেকারি।