মশক নিধনে ডিএনসিসির জরুরি কর্মসূচি
মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। অনেক এলাকায় দরজা-জানালা বন্ধ রেখেও মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন গতকাল শনিবার থেকে দুই সপ্তাহের জরুরি কর্মসূচি (ক্র্যাশ প্রোগ্রাম) শুরু করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও মশক নিধনে সম্প্রতি বিশেষ অভিযান চালিয়েছে।
গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর আঞ্চলিক কার্যালয়ে মশক নিধনে জরুরি কর্মসূচি উদ্বোধন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া। এই কর্মসূচি আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ডিএনসিসির ৫টি অঞ্চলে একযোগে শুরু হওয়া এ কর্মসূচি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচালিত হবে। কর্মসূচি তদারকির দায়িত্বে রয়েছে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ। তদারকির সুবিধার্থে কয়েকটি ওয়ার্ডের মশক নিধনে নিয়োজিত কর্মীরা একত্র হয়ে একটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করবেন।
গত মাসের ৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত একই রকম কর্মসূচি নিয়েছিল ডিএনসিসি।