মশক নিবারণী দপ্তরের কাজ কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশক নিবারণী দপ্তর প্রাঙ্গণে পড়ে আছে পরিত্যক্ত ড্রাম l ছবি: প্রথম আলো
মশক নিবারণী দপ্তর প্রাঙ্গণে পড়ে আছে পরিত্যক্ত ড্রাম l ছবি: প্রথম আলো

ঢাকার মশা মারার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান মশক নিবারণী দপ্তর। কিন্তু মশা মারার ক্ষমতা তাদের নেই। তবে তাদের মাঠকর্মীরা খাটছেন দুই সিটি করপোরেশনে, মশার মারার কাজে। বাকিরা দপ্তরে বসেন; ছুটিছাটা, বেতন-ভাতার হিসাব-নিকাশ করেন।

গত ২৮ অক্টোবর সরেজমিনে মশক নিবারণী দপ্তরের লোহার গেট দিয়ে ঢুকে দেখা যায় সুনসান নীরবতা। দপ্তরের প্রবেশপথের দুই পাশে পুরোনো ও মরিচা ধরা ড্রামের স্তূপ। এসব পেরিয়ে সামনে গেলেই দোতলায় ওঠার সিঁড়ি। নিচতলায় গুদামঘরে সবুজ রং করা অনেকগুলো ড্রাম। জানা গেল, এগুলোতে মশা মারার ওষুধ। এই দপ্তরের কাজ এগুলো পরীক্ষা করা।

দোতলায় ডানে-বামে সম্মেলন, প্রসাধনসহ ১০টি কক্ষ। সিঁড়ি ও করিডরে পানি দিয়ে সদ্য মোছার চিহ্ন। ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ ধোয়ামোছার কাজ চলছিল। ভান্ডাররক্ষকের কক্ষের বাইরে চেয়ারে বসে মোবাইলে নিবিষ্ট দুই কর্মী। একটি কক্ষে ভান্ডাররক্ষক, একটিতে কোষাধ্যক্ষ এবং একটিতে হিসাবরক্ষককে দেখা গেল। কোষাধ্যক্ষের কক্ষে কয়েকজন মিলে উচ্চ স্বরে কথা বলছেন। বাকি কক্ষগুলো ফাঁকা। পুরো দপ্তরে কাজকর্মের কোনো চিহ্ন নেই। ১৯৯০ সালের ৩০ জুনের পর থেকে দপ্তরটি এভাবে চলছে।

প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৮। দপ্তরে কাজ করেন ১৬ জন। বাকিরা দুই সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে প্রেষণে মাঠকর্মী হিসেবে কাজ করেন।

সিটি করপোরেশনের চাহিদা অনুযায়ী মশার শূককীট, মূককীট সংগ্রহ ও পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ মশা সংগ্রহ করে এ দপ্তর। তবে মশার প্রজননস্থল—ডোবা, নালা, ঝিল ও নর্দমায় নিয়মিত মশা মারার ওষুধ ছিটানো ও পরিষ্কার করার কাজ করে সিটি করপোরেশন। এসব কাজও একসময় এই দপ্তরই করত বলে দাবি করেন এখানকার কর্মকর্তারা।

সিটি করপোরেশন মশা মারার ওষুধ ও যন্ত্র কেনে। ওষুধ কেনার পর এই দপ্তরেই সেগুলো রাখা হয়। আবার মশা মারার কাজ শেষ হলে ওষুধের ড্রামগুলো এই দপ্তরের বাইরে রাখা হয়।

১৯৪৮ সালে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রকল্পের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মশক নিবারণী দপ্তরটি প্রতিষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একজন চিকিৎসক সহকারী পরিচালক পদে এখানে দায়িত্ব পালন করতেন। ১৯৮০ সালের দিকে এ দপ্তর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়। এরপর ১৯৯০ সালের জুন মাস থেকে ঢাকা সিটি করপোরেশনের অধীনে প্রেষণে এ দপ্তরের মাঠকর্মী, কীট সংগ্রাহক ও পরিদর্শকেরাÜকাজ শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে এখানকার একজন মাঠ পরিদর্শক বলেন, ‘এ দপ্তরকে স্বয়ংসম্পূর্ণ করা দরকার। যে সময় আমরা মশা মারার কাজ করতাম, সে সময় প্রতি বৃহস্পতিবার ডোবা-নালায় মশার লার্ভা মারা জন্য ওষুধ দিতাম। এ বিভাগে যারা কাজ করেছে, তারা জানে কোথায় কোথায় মশার লার্ভা জমে। আর মশার লার্ভা মারা না হলে ফগার মেশিন দিয়ে মশা মরবে না। ফগার মেশিন লোকদেখানো বিষয়।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব সরোজ কুমার নাথ মশক নিবারণী দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ দপ্তরের বিষয়ে বলেন, এখন দুই সিটির আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এ দপ্তরের লোকজন কাজ করছেন। ঢাকার মশা যাচ্ছে না কেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের অনেক কাজের মধ্যে একটি কাজ এই মশা। এ ছাড়াও যে ওষুধ দেওয়া হয়, তা দিয়ে মশা মরে না। একই ওষুধ বারবার দেওয়া হলে তা আর কাজ করে না।

একসময় মাঠ পরিদর্শক হিসেবে কাজ করতেন মো. নুরুল হক। তিনি এখন এই দপ্তরে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। নুরুল হক বললেন, ‘মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু সিটি করপোরেশন আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারছে না। মশা মারার পুরো দায়িত্ব হয় আমাদের দিক, না হয় তারা নিক। টানাটানি করে কোনো কাজ হয় না।’