মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো হয় না, রাস্তায় গর্ত
রাজধানীতে মশা নিয়ন্ত্রণের জন্য অনেক টাকা খরচ করা হলেও বেশির ভাগ এলাকায় মশার ওষুধ ছিটানো হয় না। রাস্তায় বড় বড় গর্ত। এসব গর্তে জমে থাকা পানি আর ময়লা-আবর্জনার দুর্গন্ধে হাঁটা যায় না। এ অবস্থায় ঢাকা শহরে মেয়র ও কাউন্সিলর আছেন কি না, সেটাই বোঝা যায় না। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রক উপদেষ্টা কমিটির ‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই জনসচেতনতা’ শীর্ষক সভায় বক্তারা এসব অভিযোগ করেন। সরকারদলীয় সাংসদ গুলশানের বাসিন্দা সারাহ বেগম কবরী অভিযোগ করেন, গুলশান এলাকার বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। কোনো কোনো জায়গায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে হাঁটা যায় না। গর্তে জমে থাকা পানি বা ময়লা পরিষ্কারের জন্য কোনো কার্যক্রম নিতেও সিটি করপোরেশনকে দেখা যায় না। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণের জন্য অনেক টাকা খরচ করা হচ্ছে। অথচ বেশির ভাগ এলাকায় মশার ওষুধ ছিটানো হয় না। এ রকম পরিস্থিতিতে ঢাকা শহরে মেয়র ও কাউন্সিলর আছেন কি না, তা নিয়েই প্রশ্ন তোলেন কবরী।উত্তরার বাসিন্দা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, লেকের পাড়ে বাড়ি নিয়ে উল্টো বিপদে পড়তে হয়েছে। মশার যন্ত্রণায় ঘরে শোয়া তো দূরের কথা, বসেও থাকা যায় না। মশার উপদ্রব কমাতে নিয়মিত কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি মেয়রকে অনুরোধ করেন।প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, নীতিনির্ধারক ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে দূরত্ব থাকে। এ জন্য অনেক সময় সঠিক কাজটি হয় না। কোনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, আর কোনটি সিটি করপোরেশনের, এটার পরিষ্কার ব্যাখ্যা দেওয়া নেই। ফলে কাজের বদলে একে অন্যের কাঁধে দায় চাপাতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। স্বাস্থ্য উপদেষ্টা জনদুর্ভোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ২০০০ সালে সাড়ে পাঁচ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ওই বছর মৃতের সংখ্যা ছিল ৯৩ জন। ২০০২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮ জন মারা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর থাকলেও ডিসিসি ঠিকমতো দায়িত্ব পালন না করার অভিযোগ সম্পর্কে মেয়র বলেন, সীমাবদ্ধ সম্পদ নিয়ে ডিসিসিকে কাজ করতে হচ্ছে। নিয়ম অনুযায়ী, কোনো মহানগরে প্রতি পাঁচজনের জন্য একজন পরিচ্ছন্নতাকর্মী দরকার। ঢাকার জনসংখ্যা এক কোটি হলে কমপক্ষে ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। কিন্তু ডিসিসিতে আছে মাত্র আট হাজার। অনুষ্ঠানের শুরুতেই ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ২০১১-১২ অর্থবছরে মশা নিয়ন্ত্রণের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই টাকা বিভিন্ন কীটনাশক (লার্ভিসাইড, ম্যালেরিয়া অয়েল বি, এডাল্টিসাইড), যাতায়াত খরচ, ওষুধ ছিটানোর মেশিন এবং বিভিন্ন জলাশয়ের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করার জন্য খরচ করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিতে হবে। এ ক্ষেত্রে কার্পণ্য করলে চলবে না।আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ।