মশার উপদ্রব বেড়েছে, ওষুধ আছে, ছিটানোর জনবল কম
রাজধানীতে মশার উপদ্রব বাড়ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু দেখা দিলেও তা মারাত্মক আকার ধারণ করেনি।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র জানিয়েছে, গত এক মাসে মহানগরে ১২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে ভর্তি হয়েছে ১৬ জন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, এখন ডেঙ্গুর মৌসুম। তবে অন্যবারের চেয়ে এবার এখনো ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেনি। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার ২৮৭ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ছিল ১০ জন।ডিসিসির কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে মশার উপদ্রব দেখা দেয়। সে সঙ্গে দেখা দেয় ডেঙ্গুর প্রকোপ। তাঁরা দাবি করছেন, মশার উপদ্রব এখন পর্যন্ত তাঁদের নিয়ন্ত্রণে আছে। এটি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধও মজুদ আছে। তবে এ ক্ষেত্রে লোকবল সংকট ও নগরের অপরিচ্ছন্নতা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মালিবাগ, গেন্ডারিয়া, সবুজবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে জানা গেছে, এসব এলাকায় মশার উপদ্রব বাড়ছে। এসব এলাকার মানুষ জানিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চের দিকে মশার উপদ্রব খুব বেশি ছিল। গত দুই-আড়াই মাস সেটা কম ছিল। কিন্তু অতি সম্প্রতি আবার মশার উপদ্রব বাড়তে শুরু করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র মেহেদী হাসান বলেন, কিছুদিন ধরে মশার উপদ্রব বাড়ছে। পাঁচ তলায়ও মশারি ছাড়া থাকা যায় না।ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, এখন ঢাকা মহানগরের সব কটি ওয়ার্ডে তাঁদের নিয়মিত কর্মকাণ্ড চলছে। প্রতিটি ওয়ার্ডে তিনটি করে মেশিন দেওয়া হয়েছে। ওয়ার্ডগুলোতে সকাল ও সন্ধ্যা দুবার মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে। মশার উপদ্রব আরও বাড়লে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হবে বলে তিনি জানান।তবে বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ করেছেন, তাঁদের এলাকায় প্রতিদিন মশা মারার ওষুধ ছিটানো হয় না। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা নূরে আলম বলেন, মাঝেমধ্যে ওষুধ দিতে দেখা যায়।এ প্রসঙ্গে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, খুব সকালে ওষুধ দেওয়া হয়। সে সময় বেশির ভাগ মানুষ ঘুমে থাকে। ওষুধ ছিটানো যন্ত্রের আওয়াজও কম হয়। বিকেলে মানুষ অফিসে বা কাজে থাকে বলে জানতে পারে না। নাসির উদ্দিন বলেন, ওষুধ ছিটানোর কাজে যুক্ত ব্যক্তিরা যেন ফাঁকি দিতে না পারেন, সে জন্য ওষুধ দেওয়ার পর নির্দিষ্ট কাগজে স্থানীয় কমিশনারের সই নিতে হয়। তিনি লোকবল সংকটের কথাও বলেন। অল্পসংখ্যক লোকবল দিয়ে বিশাল এ নগরের মশা মারা দুরূহ বলে মন্তব্য করেন তিনি।শহীদুল হক মল্লিক ও মো. নাসির উদ্দিন দুজনই মানুষের সচেতনতার কথা বলেছেন। তাঁরা বলেন, বাসায় বা বাসার আশপাশে কোনো পাত্রে (থালা, বাটি, পাতিল, কলসি, টব এমনকি গাড়ির টায়ার) পানি, বিশেষ করে বৃষ্টির পানি যেন জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। এ ছাড়া দিনের বেলায় যেন মশায় কামড়াতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।